ডাকাতির দৃশ্য ধরা পড়ল ক্যামেরায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনার দোকানে ক্রেতার আশায় বসে আছেন কর্মচারীরা। এ সময় দোকানে ঢুকলেন কয়েকজন ব্যক্তি। কোনো কিছু বুঝে ওঠার আগেই তাঁদের দুজন কোমর থেকে বের করলেন আগ্নেয়াস্ত্র। এরপর তাঁরা দ্রুত স্বর্ণালংকার প্যাকেটে ও পকেটে ভরে নিয়ে পালিয়ে যান।
চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার বারইয়ারহাটে গত শুক্রবার সন্ধ্যায় শামীম জুয়েলার্স নামের একটি সোনার দোকানে এ ডাকাতির ঘটনা ঘটে। আর এ ডাকাতির দৃশ্য ধরা পড়েছে দোকানে থাকা সিসি টিভির ক্যামেরায়।
পুলিশ ওই ফুটেজ সংগ্রহ করেছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দলও ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে।
এই ডাকাতির ঘটনায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা গতকাল শনিবার বারইয়ারহাটের সব সোনার দোকান বন্ধ রেখে ধর্মঘট পালন করেন।
এদিকে ডাকাতির সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে গতকাল ব্যবসায়ীরা বারইয়ারহাটে এক ঘণ্টা মানববন্ধন করেন। এ সময় বক্তব্য দেন বারইয়ারহাট বণিক সমিতির সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক হেদায়েত উল্যাহ, যুগ্ম সম্পাদক নুর উদ্দিন রেদোয়ান।
ব্যবসায়ী নেতারা অভিযোগ করেন, আগেও বাজারে একাধিক সোনার দোকানে ডাকাতি হয়েছে। রূপসী জুয়েলার্সে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার আসামি স্বীকারোক্তি দিলেও পুলিশ ডাকাতি হওয়া মালামাল উদ্ধার করতে পারেনি। উল্টো দোকান মালিককে নানা হয়রানির শিকার হতে হয়েছে। বক্তারা অবিলম্বে ডাকাতির সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করেন।
শামীম জুয়েলার্সের মালিক মো. সাহাব উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম বলেন, ডাকাতেরা তাঁদের দোকান থেকে ৩০০ ভরি সোনা নিয়ে গেছে। ডাকাতেরা দোকানে ঢোকার আগে ও ডাকাতি শেষে ককটেল বিস্ফোরণ ঘটায়। তারা দোকানে ঢুকে পিস্তল থেকে দুটি গুলিও ছুড়েছে। তিনি বলেন, এ ঘটনায় তাঁর বাবা জোরারগঞ্জ থানায় মামলা করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা বারইয়ারহাট থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার উল্যাহ বলেন, ‘পুলিশ তদন্ত শুরু করেছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে আসামি শনাক্ত করার চেষ্টা চলছে। আশা করি, শিগগিরই সুফল পাওয়া যাবে।’
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর বলেন, ডাকাতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।