ডাকাতির পর ঘরেই ভাগাভাগি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মুখী গ্রামের একটি বাড়িতে গতকাল মঙ্গলবার রাতে ডাকাতি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় ডাকাতেরা বাড়ির গৃহকর্তা ৭৫ বছর বয়সী আবুল হাসেমকে কুপিয়ে জখম করে। পরে বৃদ্ধ দম্পতিকে বেঁধে রেখে ঘরে বসেই ডাকাতেরা লুট করা স্বর্ণালংকার ও টাকা ভাগাভাগি করে।

রাতেই গৃহকর্তা আবুল হাসেমকে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসা নিয়ে তিনি বুধবার সকালে বাড়ি ফেরেন। পুলিশের দাবি, ঘটনাটি চুরি। চুরি করতে গিয়ে চোরেরা গৃহকর্তাকে কুড়াল ও দা দিয়ে কুপিয়ে জখম করে।

আবুল হাসেমের বরাত দিয়ে তাঁর ছেলে নজরুল ইসলাম বলেন, মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে ৮ থেকে ১০ জন ডাকাত হঠাৎ করেই তাঁদের বাড়িতে হানা দেয়। ডাকাতেরা গ্রিলের তালা ভেঙে ঘরে ঢোকে। ঘরে ঢুকেই তাঁরা প্রথমে আবুল হাসেমকে কুপিয়ে জখম করে। পরে আবুল হাসেম ও তাঁর স্ত্রীকে বেঁধে রাখে। এ সময় ডাকাতেরা ঘরে থাকা ৩০ হাজার টাকা, আনুমানিক দেড় লাখ টাকার স্বর্ণালংকার, দুটি মোবাইল ফোনসেট এবং কিছু নতুন জামাকাপড় লুট করে। বাড়িতে বৃদ্ধ দম্পতি ছাড়া আর কেউ ছিল না।

নজরুল ইসলাম বলেন, ডাকাতেরা ঘরে বসেই লুট করা টাকা ও স্বর্ণালংকার নিজেদের মধ্যে ভাগাভাগি করে। ভাগাভাগি শেষে তারা ফ্রিজ থেকে পানি পান করে ধীরে সুস্থে বাড়ি থেকে বের হয়ে যায়।

নজরুল ইসলাম বলেন, ‘আমি গফরগাঁও উপজেলা সদরে থাকি। রাত সাড়ে তিনটার দিকে খবর পেয়ে বাড়িতে গিয়ে বাবাকে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই।’

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, দুর্বৃত্তরা চুরি করতে গিয়ে আবুল হাসেমকে দা দিয়ে কুপিয়ে আহত করেছে। পুলিশ জড়িত ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা করছে।