ডাকাতির প্রস্তুতি নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ৩
ডাকাতির প্রস্তুতি নেওয়ার অভিযোগে পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা এলাকার রাজু (২৮), নীলফামারীর ডোমার উপজেলার জুয়েল ইসলাম (২৪) ও একই এলাকার আব্দুল শাহিনুর ইসলাম (২২)।
পুলিশের ভাষ্যমতে, গত শনিবার গভীর রাতে বোদা উপজেলার মাড়েয়া এলাকায় একটি পিকআপ নিয়ে সাতজন ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় টহল পুলিশ সেখানে উপস্থিত হলে তারা পুলিশকে লক্ষ্য করে বল্লম নিক্ষেপ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ ধাওয়া করে তাদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চারজন পালিয়ে যায়। এ সময় পুলিশ তাদের কাছ থেকে একটি পিকআপ, কয়েকটি ধারালো দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা জব্দ করে।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, গ্রেপ্তার হওয়া তিন ডাকাতের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। তাদের গতকাল আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।