চট্টগ্রামের সন্দ্বীপে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া আট যুবককে আটক করেছে কোস্টগার্ড। গত শনিবার রাতে উপজেলার সোয়াখালী ঘাট এলাকায় মাছ ধরার নৌকা থেকে তাঁদের আটক করা হয়।
কোস্টগার্ডের কর্মকর্তারা বলছেন, অভিযানের বিষয়টি টের পেয়ে ডাকাতেরা নিজেদের কাছে রাখা অস্ত্র পানিতে ফেলে দেন। অভিযানে নৌকাটিও জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন মো. আবুল কাশেম, একরাম হোসেন, মো. আবুল কাশেম, মো. নাজির, মো. খালেদ, মো. জাকির হোসেন, মো. রুবেল হোসেন ও মো. বাবুল হোসেন।
কোস্টগার্ডের পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন শহীদুল ইসলাম গতকাল রোববার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন, তাঁরা ডাকাতির উদ্দেশ্যে নৌকায় জড়ো হয়েছিলেন। কোস্টগার্ডের অভিযান টের পেয়ে তাঁরা অস্ত্র পানিতে ফেলে দেন। তাঁদের সন্দ্বীপ থানায় হস্তান্তর করা হয়েছে।