ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৭
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের নাপিতের চর এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র, কার্তুজসহ আন্তজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার মাদার্শা বাবুনগর এলাকার মো. মহসিন ওরফে কায়সার (৪৫), আমিলাইষের পশ্চিম ডলু এলাকার আবুল কাসেম (৪০), বোয়ালখালী উপজেলার উত্তর করলডেঙ্গা এলাকার শংকর চৌধুরী (৫২), ভোলার লালমোহন থানার চরভোতা এলাকার জাহাঙ্গীর আলম (৩২), একই থানার লেজছইন্যা এলাকার মো. শামসুল আলম ওরফে সমশু (৪৮), একই এলাকার জাকির হোসেন (৩৫) ও একই থানার চর ছকিনা এলাকার মো. মনির (২৫)।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার প্রথম আলোকে বলেন, উপজেলার ঢেমশা ইউনিয়নের কোনো বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল ওই আন্তজেলা ডাকাত দলের সদস্যরা। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে চারটি একনলা বন্দুক, একটি এলজি, ২৪টি কার্তুজ ও তিনটি ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে। তা ছাড়া ডাকাতদের বহনকারী একটি গাড়িও (রাইডার) জব্দ করা হয়েছে।
সাতকানিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মফিজ উদ্দিন সাংবাদিকদের জানান, গ্রেপ্তার ব্যক্তিরা চট্টগ্রাম নগরের শাহ আমানত সেতুর আশপাশে ভাড়া বাসায় থেকে নগর ও বিভিন্ন উপজেলায় গিয়ে ডাকাতি করে থাকেন। তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে ছিনতাই, অস্ত্র ও ডাকাতির একাধিক মামলা আছে।
মো. মফিজ উদ্দিন বলেন, গ্রেপ্তার ডাকাত দলের কয়েকজন সদস্য পুলিশের কাছে স্বীকার করেছেন, তাঁরা দিনের বেলায় সিএনজিচালিত অটোরিকশা বা রিকশা চালান। সুযোগ বুঝে সংগঠিত হয়ে নগর ও নগরের বাইরে বিভিন্ন এলাকায় গিয়ে রাতে ডাকাতি করে।