ডাকাতির প্রস্তুতির সময় ১১ জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোয়েন্দা পুলিশের বেশে ডাকাতির প্রস্তুতির সময় ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গত শনিবার রাতে সবুজবাগ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে গতকাল ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে জানানো হয়, শনিবার রাতে ডিবি পূর্ব বিভাগের খিলগাঁও আঞ্চলিক দল তাঁদের গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, পাঁচটি গুলি, দেশে তৈরি দুটি পাইপগান, তিনটি ম্যাগাজিন, একটি ওয়াকিটকি, তিনটি গাড়ি, ডিবি লেখা পাঁচটি জ্যাকেট, পাঁচটি হাতকড়া ও একটি ব্যাগ উদ্ধার করা হয়। এসব সরঞ্জাম নিয়ে নিজেদের ডিবি পরিচয় দিয়ে দলটি বিভিন্ন জায়গায় ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ করত। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইউসুফ কাজী, আলাউদ্দিন আলী, আকাশ রহমান, আফসার আলী, ফারুক হোসেন, আবদুল মালেক মিয়া, মাসুদ পারভেজ, শাহিন কাজী, লিটন শেখ, মাসুম গাজী ও আসলাম শেখ।
ডিবির যুগ্ম কমিশনার আবদুল বাতেন বলেন, শনিবার রাতে সবুজবাগ এলাকায় ডাকাতির জন্য ১৫ থেকে ২০ জনের একটি দল সংঘবদ্ধ হচ্ছে খবর পেয়ে রাতেই অভিযান চালিয়ে তাঁদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।