ডাকাতির মামলা নেন না শেরপুরের ওসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলায় সড়ক-মহাসড়কে যানবাহনে ডাকাতির ঘটনায় মামলা নেয় না পুলিশ। অভিযোগ রয়েছে, ডাকাতির মামলা রেকর্ড করলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে ‘অযোগ্য’ হিসেবে গণ্য হতে পারেন এমন ভয়ে ডাকাতির ঘটনা চুরি হিসেবে চালিয়ে দেওয়ার কৌশল নিয়েছেন শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমদ হাশমী। গত তিন মাসে তাঁর এলাকায় সড়ক-মহাসড়কে অন্তত পাঁচটি ডাকাতির ঘটনার মামলা নেননি ওসি।
বগুড়ার ভারপ্রাপ্ত পুলিশ সুপার সায়ফুজ্জামান ফারুকী বলেন, অপরাধের ধরন অনুযায়ী ডাকাতির ঘটনা ঘটলে ও কেউ মামলা দিতে চাইলে অবশ্যই পুলিশকে মামলা নিতে হবে। ডাকাতির ঘটনাকে চুরি বা ছিনতাই মামলা হিসেবে রেকর্ড করার কোনো সুযোগ নেই।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ৩০ মার্চ শাহ ফতেহ আলী পরিবহনের একটি শীতাতপনিয়ন্ত্রিত বাস ঢাকা থেকে নওগাঁয় যাচ্ছিল। যাত্রীবেশী ৮ থেকে ১০ জন সশস্ত্র ডাকাত যাত্রীদের সর্বস্ব লুট করে রাত সাড়ে ১০টার দিকে শেরপুরের ছনকায় নেমে যায়। একাধিক যাত্রী অভিযোগ করেন, তাঁরা মামলা দিতে চাইলেও পুলিশ মামলা নেয়নি। শাহ ফতেহ আলী পরিবহনের পরিচালক ও বগুড়া মোটর মালিক গ্রুপের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম অভিযোগ করেন, শেরপুরের ওসি ডাকাতির মামলা নিতে চান না। সম্প্রতি শেরপুর অংশে দুটি গাড়িতে ডাকাতি হয়। পুলিশ সুপারকে বলে একটির মামলা দিতে পারলেও অন্য ঘটনাটিতে মামলা নিতে রাজি হননি ওসি। পরে তিনি সেটি চুরি হিসেবে সাধারণ ডায়েরি নেন।
২৯ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে শেরপুর-রানীরহাট সড়কের সুখানগাড়ি এলাকায় ফয়েজমারা সেতুতে গাছ কেটে একদল ডাকাত বেশ কিছু যানবাহন আটকিয়ে যাত্রীদের জিম্মি করে লক্ষাধিক টাকার মালামাল লুট করে। একাধিক যাত্রী অভিযোগ করেন, ওই ঘটনায় তাঁরা থানায় মামলা দিতে গেলে পুলিশ মামলা না নিয়ে ভয়ভীতি দেখিয়ে থানা থেকে তাড়িয়ে দেয়।
২৩ জুন রাত ১২টার দিকে শেরপুর-সিরাজগঞ্জ আঞ্চলিক সড়কের গোয়ালকান্দি এলাকায় ডাকাতেরা গাছ কেটে যানবাহনে ডাকাতি করে। ওই ঘটনায় থানায় কোনো মামলা হয়নি। ২৮ জুন রাতে উপজেলার মির্জাপুর-জামাইলহাট সড়কের খাঁড়ি সেতুর কাছে গাছ ফেলে কাজী ফার্মস লিমিটেডের ডিম, মুরগি ও মুরগির খাদ্যবাহী পাঁচটি গাড়ি থামিয়ে অস্ত্রধারী ডাকাতেরা চালক, সহকারী, নিরাপত্তাকর্মী এবং প্রতিষ্ঠানটির কর্মচারীদের মারধর করে মালামাল লুট করে। এ ঘটনায় কাজী ফার্মের পক্ষ থেকে এজাহার নিয়ে তিন সপ্তাহ ধরে থানায় ধরনা দিলেও ওসি তা মামলা হিসেবে রেকর্ড করেননি। প্রতিষ্ঠানটির কর্মকর্তা কোরবান আলী অভিযোগ করেন, ওসি মামলা নিতে অপারগতা প্রকাশ করে এজাহার সংশোধন করে ‘চুরি’ উল্লেখ করে আনতে বলেন। পরে পুলিশ সুপারকে বিষয়টি জানানো হয়। এসপি মামলা নেওয়ার নির্দেশ দিলেও ওসি মামলা নেননি।
১ জুলাই রংপুর-ঢাকা মহাসড়কের শেরপুরের ঘোগা এলাকায় ২০০ মণ ধানবোঝাই একটি ট্রাকে ডাকাতির ঘটনা ঘটে। ট্রাকটির চালক মো. শাহীন ও সহকারী শাহ আলম জানান, তাঁরা গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে পাবনার সাঁথিয়া উপজেলায় যাচ্ছিলেন। শেরপুরের ঘোগা এলাকায় ট্রাকটি বিকল হয়। মেরামত করার পর রাত সাড়ে ১২টার দিকে সেখানে ১০-১২ জনের সশস্ত্র ডাকাত দল তাদের মারধর করে অস্ত্রের মুখে ধানবোঝাই ট্রাকটি নিয়ে পালিয়ে যায়। ট্রাকের মালিক সিদ্দিকুর রহমান মুঠোফোনে জানান, ঘটনার এক দিন পর পরিত্যক্ত অবস্থায় বগুড়া থেকে ট্রাকটি উদ্ধার হয়। পুলিশ নিজেই মামলা করেছে। তাঁর কাছ থেকে শুধু কাগজে স্বাক্ষর নেওয়া হয়েছে। কোনো মামলা হয়েছে, তা তিনি জানেন না।
তবে আলী আহমদ হাশমী দাবি করেন, ‘ডাকাতির ঘটনা চুরি হিসেবে চালিয়ে দেওয়ার জন্য নয়; কেউ মামলা করতে এলে অপরাধের ধরন অনুযায়ী এজাহার লিখে নিয়ে আসার পরামর্শ দিই। কাজী ফার্মের ওই গাড়িগুলোর চালক ও কর্মচারীদের কাছ থেকে সামান্য টাকাপয়সা ও কয়েকটি মুঠোফোন ছাড়া কোনো মালামাল লুট করা হয়নি। এ জন্য চুরি বা ছিনতাই মামলা দিতে বলা হয়েছিল।’ তিনি দাবি করেন, ওই ঘটনায় ছিনতাই মামলা রেকর্ড করা ও দুজনকে গ্রেপ্তারও দেখানো হয়েছে। বাদীকে না জানিয়ে কীভাবে ছিনতাইয়ের মামলা রেকর্ড ও সেটি কবে, কোন ধারায় রেকর্ড করা হয়েছে তা জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।