ডাকাতির অভিযোগে কারাগারে ছিলেন সাড়ে আট মাস। আড়াই মাস আগে জামিনে বেরিয়ে আসেন। এবার অভিযুক্ত হলেন ছিনতাইয়ের ঘটনায়। তাঁর নাম পারভেজ ওরফে বিপ্লব। চট্টগ্রাম নগরের একটি পোশাক কারখানার এক কর্মকর্তার কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত শনিবার রাতে নগরের অক্সিজেন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
কুমিল্লার লাকসাম থানার একটি ডাকাতির মামলায় ২০১৬ সালের ১৬ জুলাই থেকে কারাগারে ছিলেন তিনি। চলতি বছরের ২৬ মার্চ জামিন পান।
৫ জুন দুপুরে সাউথ-ইস্ট ব্যাংক অক্সিজেন শাখা থেকে ১ লাখ ৯৯ হাজার টাকা তুলে অফিসে ফিরছিলেন পোশাক কারখানার কর্মকর্তা রুবেল দে। ওই সময় ছিনতাইকারীরা গতি রোধ করে তাঁর কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়। ঘটনাস্থল থেকে দৌড়ে পালানোর সময় জয়নন্দী নামের এক যুবককে ধরে ফেলে স্থানীয় লোকজন। পরে পুলিশে সোপর্দ করা হয় তাঁকে। এ ঘটনায় রুবেল দে বাদী হয়ে বায়েজিদ বোস্তামী থানায় মামলা করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনা স্বীকার করে পরদিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন জয়নন্দী। তাঁর কাছ থেকে পাওয়া তথে৵র ভিত্তিতে টাকাসহ গত শুক্রবার রাতে মো. রাজুকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে ছিনতাই করা ১ লাখ ৫৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুহসীন প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া দুই আসামি স্বীকার করেছেন যে ছিনতাইয়ে তাঁদের সঙ্গে পারভেজও অংশ নেন। পারভেজ আড়াই মাস আগে কারাগার থেকে জামিনে মুক্তি পান। বেরিয়ে এসে তিনি ছিনতাইয়ে জড়িয়ে পড়েন। এর আগে ২০১৬ সালের ১৬ জুলাই নগরের অক্সিজেন এলাকা থেকে গ্রেপ্তার হন কুমিল্লার লাকসাম থানার একটি ডাকাতির মামলায়। এ ছাড়া ২০০৮ সালের আগস্টে নগরের ডবলমুরিং থানা এলাকায় এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করেছিল পুলিশ। ওই ঘটনায় করা মামলায় ২০১৩ সালের মার্চ মাসে জামিনে মুক্তি পান। গতকাল আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।