ডাকাতির সময় আটক, যুবলীগ কর্মী জেনে মুক্তি!
বরিশালের উজিরপুর উপজেলায় ডাকাতির সময় ছয়জনকে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী। কিন্তু পুলিশ ডাকাতদের রাজনৈতিক পরিচয় জেনে তাদের ছেড়ে দিয়েছে।
হাতেনাতে আটক ছয়জন হলেন উজিরপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য জাহিদুল ইসলাম এবং যুবলীগের কর্মী জামাল হোসেন, সুমন খান, লিমন কাজী, কুদ্দুস সিকদার ও সুবোধ মাঝি।
গতকাল মঙ্গলবার সরেজমিনে গিয়ে স্থানীয় লোকজন, ভুক্তভোগী ও পুলিশের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
ভুক্তভোগী জেলে ও গ্রামবাসী জানান, সোমবার দিবাগত রাত তিনটার দিকে হারতা ইউনিয়নের সন্ধ্যা নদীতে প্রথমে পুলিশ পরিচয় দিয়ে একদল ডাকাত নৌকায় ওঠে। এরপর তারা প্রায় ২০টি ছোট-বড় নৌকা ও ট্রলার থেকে টাকা, মোবাইল ফোনসহ বিভিন্ন জিনিস নিয়ে যায়। বাধা দিতে গেলে তাদের মারধরে পাঁচ জেলে আহত হন। এরপর তারা হারতার নাতারকান্দি গ্রামের জেলেপাড়ায় ঢুকেও পাঁচটি বাড়িতে ডাকাতি করে। সেখানে ডাকাতদের হামলায় আহত হন আরও পাঁচজন।
নাতারকান্দি জেলেপাড়ার নগেন সমাদ্দারের স্ত্রী শান্তি রানী সমাদ্দার বলেন, রাত সাড়ে তিনটার দিকে একদল লোক তাঁদের দরজায় কড়া নেড়ে নিজেদের হারতা ক্যাম্পের পুলিশ পরিচয় দিয়ে দরজা খুলতে বলে। দরজা খোলার সঙ্গে সঙ্গে তারা ঘরে ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকাপয়সা লুট করে। এরপর তারা প্রতিবেশী নরেন বাড়ৈ, নরেন সমাদ্দার, সুধীর সমাদ্দার ও অরবিন্দু বাড়ৈর ঘরেও ডাকাতি করে।
গৃহবধূ গীতা বাড়ৈ ও সুমিত্রা সমাদ্দারের অভিযোগ, তাঁরা প্রাণভয়ে ঘরের মাচায় পালিয়ে ছিলেন। কিন্তু ডাকাতের দল তাঁদের সেখান থেকে টেনেহিঁচড়ে নিচে নামিয়ে এনে মারধর করে।
ডাকাতির শিকার জেলে সুধীর সমাদ্দার, অনুকূল রায়, দিবস রায়সহ আরও কয়েকজন জানান, গরিব জেলেদের ঘরে এক-দুই হাজারের বেশি টাকা ছিল না। ট্রলার আর বাড়ি থেকে মালামালসহ লক্ষাধিক টাকা নিয়ে গেছে তারা।
হারতা ইউনিয়ন পরিষদের সদস্য ওমর ফারুক বলেন, গ্রামে ডাকাত পড়ার খবর দেওয়া হলেও পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে আসেনি। একপর্যায়ে গ্রামবাসী রাত সোয়া চারটার দিকে একত্র হয়ে ডাকাতদের ঘিরে ফেলে। তারা ছয়জনকে ধরে পিটুনি দেয় এবং সকালে পুলিশ ক্যাম্পে সোপর্দ করে। তিনি বলেন, এ সময় লিখিত অভিযোগ দেওয়া হলেও আটককৃতদের বিরুদ্ধে মামলা নেয়নি পুলিশ।
স্থানীয়দের অভিযোগ, ডাকাতদের পুলিশের কাছে সোপর্দ করার পর পুলিশ তাঁদের রাজনৈতিক পরিচয় জেনে গতকাল সকাল সাতটার দিকে ছেড়ে দেয়। উজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি হাফিজুর রহমান ইকবালের মধ্যস্থতায় তাঁদের ছেড়ে দেওয়া হয়।
তবে হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ছাড়িয়ে নেওয়ার অভিযোগ সত্য নয়। এলাকার লোকজন বিষয়টি আমাকে জানালে গণ্যমান্য ব্যক্তিদের তা মীমাংসার দায়িত্ব দেওয়া হয়। তাঁরা মীমাংসা করে দেন।’
আর হারতা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. নাসির উদ্দিন প্রথম আলোকেবলেন, ‘সকাল পৌনে পাঁচটার দিকে শত শত গ্রামবাসী একটি ট্রলারসহ ছয় ডাকাতকে আমাদের কাছে সোপর্দ করলে আমি বিষয়টি ঊর্ধতন কর্তৃপক্ষকে জানাই। পরবর্তীতে কর্তৃপক্ষের নির্দেশে তাঁদের ছেড়ে দিতে হয়।’
অবশ্য বরিশাল পুলিশ সুপার এ কে এম এহসান উল্লাহ গতকাল রাতে প্রথম আলোকেবলেন, অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা এবং তাঁদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের জন্য উজিরপুর থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।
ডাকাতদের রাজনৈতিক পরিচয়ের বিষয়ে জানতে চাইলে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন সরদার বলেন, এরা সংগঠনের কোনো পদে নেই। তবে তারা কর্মী ও সমর্থক।