পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। পুলিশ বলছে, নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্য। ডাকাতির সময় পুলিশের সঙ্গে ওই ‘বন্দুকযুদ্ধ’ হয়।
নিহত ব্যক্তির নাম জানা যায়নি। গতকাল রোববার দিবাগত রাত সোয়া একটার দিকে উপজেলার পূর্ব গোনাগরি ইউনিয়নে ওই ‘বন্দুকযুদ্ধ’ হয়।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদারের ভাষ্য, একদল ডাকাত বাবুল নামের স্থানীয় এক ব্যক্তির বাড়িতে ডাকাতির চেষ্টা চালায়। এ সময় ডাকাতদের গুলিতে ওই পরিবারের পাঁচজন আহত হন। তাঁরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাতদলের সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’ হয়। এতে একজন নিহত ও দুই পুলিশ সদস্য আহত হন। তাঁরা হলেন বাঁশখালী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আশরাফ ও কনস্টেবল আনোয়ার। তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ওসি বলেন, নিহত ব্যক্তির লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।