ডাকাতের অস্ত্রের আঘাতে নছিমনচালক নিহত
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় সড়কে গণডাকাতির সময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে এক নছিমনচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন নছিমনের তিন যাত্রী। আজ বুধবার ভোরে উপজেলার আড়াইহাজার-ভুলতা সড়কে ঝাউগড়া এলাকায় এ ঘটনা ঘটে। ডাকাতেরা তিনটি নছিমনে হামলা চালিয়ে প্রায় সোয়া লাখ টাকা ও পাঁচটি মুঠোফোন ছিনিয়ে নেয়।
নিহত ব্যক্তির নাম মো. ডালিম (৪০)। তিনি উপজেলার বিশনন্দী ইউনিয়নের চৈতনকান্দা গ্রামের সুন্দর আলীর ছেলে। আহত যাত্রীরা মাছ ব্যবসায়ী। তাঁরা চৈতনকান্দা গ্রামের। তাঁরা হলেন শাহ আলম (৩০), মোহাম্মদ (৪৫) ও আলী আকবর (৩৬)। এঁদের মধ্যে শাহ আলমের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুজনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসীর বরাত দিয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, আজ ভোর সাড়ে চারটার দিকে ওই তিনজন মাছ ব্যবসায়ী ভুলতা পাইকারি মাছ বাজার থেকে মাছ কেনার জন্য নছিমনে করে ভুলতা যাচ্ছিলেন। ঝাউগড়া এলাকায় মুড়ির মিলের সামনে পৌঁছালে ১০ থেকে ১২ জন ডাকাত সড়কে বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়ে নছিমনটির গতিরোধ করে। পরে ডাকাতেরা নছিমনচালক ও মাছ ব্যবসায়ীদের এলোপাতাড়ি কুপিয়ে তাঁদের কাছে থাকা প্রায় ৭০ হাজার টাকা ও পাঁচটি মোবাইল ফোন নিয়ে যায়।
আহত ব্যক্তিদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তাঁদের মধ্যে মুমূর্ষু অবস্থায় ডালিম (৪০) ও শাহ আলমকে (৩০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ডালিমের মৃত্যু হয়। একই সময়ে ওই স্থানে আরও দুটি নছিমনে ডাকাতেরা হামলা চালায়। আলী আকবর নামের এক মাছ ব্যবসায়ীর কাছ থেকে ২২ হাজার টাকাসহ মোট ৫০ হাজার টাকা নিয়ে যায়।
ওসি সাখাওয়াত হোসেন আরও জানান, ডাকাতি ও হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।
নিহত ডালিমের চাচা আকরাম আলী জানান, ডালিমের দুই ছেলে ও দুই মেয়ে আছে। পরিবারে এখন উপার্জনক্ষম আর কেউ নেই।