ডাকাতের কবলে পুলিশ-সাংবাদিক আহত
হবিগঞ্জে মাধবপুর উপজেলার আদাউই এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ডাকাতের ধারালো অস্ত্রের আঘাতে পুলিশ কর্মকর্তা ও সাংবাদিকসহ তিনজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলায় কর্মরত পুলিশ সার্জেন্ট মোহাম্মদ বায়েজিদ, এটিএন বাংলার ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি পীযূষ আচার্য ও মাইক্রোবাসের চালক (নাম জানা যায়নি)।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মনির হোসেন বলেন, পুলিশ সার্জেন্ট বায়েজিদ ও সাংবাদিক পীযূষ রাতে একটি মাইক্রোবাসে করে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের একটি মাজার থেকে জেলা সদরে ফিরছিলেন। পথে হবিগঞ্জের আদাউই এলাকায় তাঁরা একটি ডাকাতদলের কবলে পড়েন। তাঁদের মাইক্রোবাসটির গতিরোধ করে ডাকাতেরা ধারালো অস্ত্র দিয়ে বায়েজিদ ও পীযূষকে এলোপাতাড়ি কুপিয়ে সঙ্গে থাকা টাকা পয়সা, মোবাইল ও ক্যামেরা লুটে নিয়ে যায়। এ সময় মাইক্রোবাসের চালককে মারধর করা হয়।
ওসি মনির আরও বলেন, ঘটনার পর আহত ব্যক্তিরা মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।