ডাকাতের কবলে ভারতের নাগরিক
কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের আটারকুম এলাকায় নারায়ণদ্র সিং (৪৫) নামের এক ভারতীয় নাগরিক ডাকাতির শিকার হয়েছেন। ডাকাতেরা তাঁর মাথায় আঘাত করে সঙ্গে থাকা টাকা, মুঠোফোন, স্বর্ণালংকারসহ জরুরি কাগজপত্র নিয়ে গেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার বিকেলে অভিযোগ দিতে তিনি চকরিয়া থানায় যান।
নারায়ণদ্র সিং বাংলাদেশে ভারতীয় গ্যাস কোম্পানি কাল্টিম্যাক্স এনার্জি প্রাইভেট লিমিটেডের সার্ভিস ম্যানেজার। গাড়ি নিয়ে কক্সবাজারে যাওয়ার পথে ডাকাতের কবলে পড়েন তিনি। এ সময় ডাকাতদের হামলায় তাঁর গাড়িচালক ভারতের নাগরিক জয় নারায়ণ ভৌমিক (৪০) ও কোম্পানির জ্যেষ্ঠ প্রকৌশলী বাংলাদেশের শামীম আহমেদও (৪০) আহত হন। তাঁরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
নারায়ণদ্র জানান, তাঁর বাড়ি ভারতের হরিয়ানা প্রদেশের কর্ণাল জেলার সদর থানায়। নববর্ষ উদ্যাপন করতে গত রোববার রাতে তিনি ঢাকা থেকে স্ত্রী, কোম্পানির দুই কর্মকর্তা ও গাড়িচালককে নিয়ে কক্সবাজারের উদ্দেশে রওনা হন। পথ না চেনায় গুগল ম্যাপ ধরে তাঁরা এগোচ্ছিলেন। ঢাকা থেকে চট্টগ্রাম-বাঁশখালী-পেকুয়া-চকরিয়া হয়ে যাচ্ছিলেন তাঁরা। সোমবার ভোর চারটার দিকে চকরিয়ার আটারকুম এলাকার একটি দুর্গম আঞ্চলিক সড়কে গাড়ির গতি কিছুটা কমাতে হয় তাঁদের। এ সময় ১০-১২ জনের একটি দল গাড়ির গতিরোধ করে। গাড়ি থেকে নামলে তিনি ও তাঁর গাড়িচালকের মাথায় ভারী কিছু দিয়ে আঘাত এবং শামীম আহমেদকে মারধর করে ডাকাতেরা। পরে তাঁদের কাছে থাকা সাড়ে ২৩ হাজার টাকা, তিনটি পাসপোর্ট, গাড়ির লাইসেন্স, তিনটি মুঠোফোন, এক ভরি ওজনের একটি স্বর্ণের চেইনসহ কাগজপত্র লুট করে নিয়ে যায়।