ডাকাতের গুলিতে নবাবগঞ্জে স্বামী নিহত, স্ত্রী আহত
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ডাকাতের গুলিতে সাত্তার ব্যাপারী নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় ডাকাতদের রামদার কোপে সাত্তারের স্ত্রী হাসিনা বেগম আহত হন।
গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার বান্দুরা ইউনিয়নের কাঁঠালিঘাটা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে কাঁঠালিঘাটা গ্রামে আবদুস সাত্তারের (৬০) বাড়িতে ১৮ থেকে ২০ জন ডাকাত হানা দেয়। ডাকাতেরা বসতঘরের কাঠের দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। এ সময় ডাকাতদের বাধা দেওয়ার চেষ্টা করেন সাত্তার। একপর্যায়ে দরজা ভেঙে ডাকাতেরা ভেতরে ঢোকে। ডাকাতেরা রামদা দিয়ে প্রথমে সাত্তারকে এলোপাতাড়ি কোপায়। এরপর তাঁর স্ত্রী হাসিনা বেগম এগিয়ে এলে তাঁকেও কোপানো হয়। তাঁদের ডাকচিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে ডাকাতেরা দুটি গুলি ছুড়ে পালিয়ে যায়। এ সময় গুলি সাত্তার সাত্তারের শরীরে লাগে। হাসপাতালে নেওয়ার পথে সাত্তার মারা যান। হাসিনাকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, ঘটনাস্থল থেকে গুলির দুটি খোসা উদ্ধার করা হয়েছে। ডাকাতদের গ্রেপ্তারে অভিযান চলছে। তিনি জানান, ময়নাতদন্তের জন্য লাশ রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।