ডাকাতের গুলিতে নৈশপ্রহরী আহত
রাজধানীর মিরপুরের মণিপুরে গতকাল বৃহস্পতিবার ভোরে ডাকাতের গুলিতে জয়নাল আবেদীন (৪০) নামের এক নৈশপ্রহরী আহত হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে ছয়-সাতজন ডাকাত দক্ষিণ মণিপুরের বাসিন্দা প্রকৌশলী খোকনের বাড়িতে ঢোকার জন্য সীমানাপ্রাচীরের ওপরে ওঠেন। এ সময় ওই এলাকার এক নৈশপ্রহরী বাঁশি বাজিয়ে অন্য নৈশপ্রহরীদের ডাকেন। এ সময় ডাকাতেরা নৈশপ্রহরী জয়নাল আবেদীনকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। গুলি তার কোমরে লাগে। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভূইয়া মাহবুব হাসান প্রথম আলোকে বলেন, এ ঘটনায় মিরপুর থানায় মামলা হয়েছে। ডাকাত দলটি শনাক্ত হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।