ডাকাতের গুলিতে প্রাণ গেল শিশুর
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ডাকাতের গুলিতে আহত হয়ে শামীম আরা ইসমা (৫) নামের এক শিশু মারা গেছে। আজ সোমবার সকালে সাতটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পরিবারের সদস্যদের দেওয়া তথ্যের বরাত দিয়ে প্রথম আলোকে দেওয়া হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আবুল বাশারের ভাষ্য, আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় ইসমা মারা যায়। ওই ঘটনায় আহত ইসমার দাদি ফাতেমা বেগম চিকিৎসাধীন রয়েছেন।
ইসমার চাচাতো ভাই সালাউদ্দিন খানের ভাষ্য, আজ ভোররাত সাড়ে চারটার দিকে ১০ জনের একটি ডাকাতদল বোয়ালখালীর চরণদ্বীপ ইউনিয়নের ইসমাইল খানের বাড়িতে হানা দেয়। এ সময় ডাকাতেরা ইসমার দাদা ইসমাইল খান, বাবা আবু তাহের ও চাচা আবদুল মান্নানকে বেদম মারধর করে। ডাকাতদের কথামতো টাকা ও স্বর্ণালংকার দিতে দেরি হওয়ায় তারা ইসমার মাথায় গুলি করে। দাদি ফাতেমা বেগম ইসমাকে উদ্ধার করতে এলে ডাকাতেরা তাঁকেও গুলি করে। এরপর তারা আলমারি ভেঙে টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়।
সালাউদ্দিন খানের ভাষ্য, ডাকাতি করে নিয়ে যাওয়া টাকা ও স্বর্ণালংকারের মূল্য প্রায় পাঁচ লাখ টাকা। আশপাশে কোনো বাড়িঘর না থাকায় ডাকাতের কবলে পড়া লোকজনের চিৎকারে কেউ এগিয়ে আসেনি। পরে ইসমা ও ফাতেমা বেগমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল ইসলাম বলেন, ডাকাতির ঘটনায় ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা আটক করা হয়েছে। ডাকাতদের আটক করতে অভিযান চলছে। এ ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি।