ডাকাতের গুলিতে মুক্তিযোদ্ধা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাকাতির সময় ডাকাত দলের সদস্যদের চিনে ফেলায় এক মুক্তিযোদ্ধাকে গুলি করে হত্যা করা হয়েছে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন নিহত ব্যক্তির ভাইসহ তিনজন। গত রোববার দিবাগত রাতে গাজীপুর সিটি করপোরেশনের কাথোরা মৈশানবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
মুক্তিযোদ্ধা পরেশ চন্দ্র ঘোষ (৬৫) সালনা বাজারে ব্যবসা করতেন।
পরিবারের সদস্যরা বলেন, রোববার দিবাগত রাত দুইটার দিকে বাড়ির মূল ফটকের তালা ভেঙে ও গ্রিল কেটে ১০ থেকে ১২ জনের ডাকাত দল হানা দেয়। বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতেরা পরেশ চন্দ্রর ভাই নরেশ চন্দ্র ঘোষ, ভাতিজা বিধান কৃষ্ণ ঘোষ ও মৃণাল চন্দ্র ঘোষকে কুপিয়ে জখম করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মালামাল লুট করে। পরে ডাকাতেরা পরেশ চন্দ্র ঘোষের ঘরেও হানা দেয়।
পরেশ চন্দ্রর ছেলে পলাশ চন্দ্র ঘোষ বলেন, ডাকাতদের বেশির ভাগেরই মুখোশবিহীন ছিল। ফলে তারা ঘরে প্রবেশের সময় তাঁর বাবা ও ভাই গৌতম ঘোষ কয়েকজন ডাকাতকে চিনে ফেলেন এবং একজনের নাম ধরে ডাক দেন। ডাকাতদের চিনে ফেলায় তারা পরেশ চন্দ্রকে লক্ষ্য করে গুলি করে। গুলিটি তাঁর কপালে বিদ্ধ হয়।
ডাকাতেরা পালিয়ে গেলে পরেশ চন্দ্রকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) পরিমল বিশ্বাস বলেন, গতকাল সোমবার ভোরে অভিযান চালিয়ে ডাকাতি ও হত্যার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন গাজীপুরের টেক কাথোরা এলাকার প্রবীর মণ্ডল ও হিরা মিয়া। গৌতম ঘোষ তাঁদের শনাক্ত করেছেন। অন্যদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার এস এম মুজিবুর রহমান প্রথম আলোকে বলেন, নিহত পরেশ চন্দ্র গাজীপুর সদর থানা মুক্তিযোদ্ধা কমান্ডের সহযোগী কমান্ডার ছিলেন।