ডাকাতের ছুরিকাঘাতে কৃষক নিহত
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ডাকাতের ছুরিকাঘাতে দুলাল মিয়া (৪০) নামের এক কৃষক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে ফজলুপুর ইউনিয়নের চরচৌমুহন (বুলবুলিরচর) গ্রামে এ ঘটনা ঘটে। দুলাল ওই গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
ফুলছড়ি থানার পুলিশ, প্রত্যক্ষদর্শী ও নিহত দুলার মিয়ার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাত সাড়ে ১২টার দিকে ১৫ থেকে ২০ জনের একদল ডাকাত অস্ত্রের মুখে কৃষক দুলাল মিয়ার কয়েকটি গরু লুট করার চেষ্টা চালায়। এতে বাধা দেওয়ায় ডাকাতেরা দুলালকে ছুরিকাঘাত করে। ঘটনাস্থলেই দুলাল মারা যান।
আজ বুধবার সকাল ১০টার দিকে ওই ডাকাতির ঘটনায় একজনের মৃত্যুর কথা নিশ্চিত করে গাইবান্ধার পুলিশ সুপার (এসপি) মাশরুকুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ঘটনাটি তদন্ত করে দেখছি।’
ফজলুপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জালাল উদ্দিন মুঠোফোনে বলেন, প্রতিবছর বন্যার সময় ডাকাতেরা দুর্গত এলাকার চরাঞ্চলের গরু ও মালামাল লুট করে নিয়ে যায়।