ডাকাতের দায়ের কোপে এসআই আহত, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় ডাকাতের দায়ের কোপে অলক কুমার দত্ত নামের একজন উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় ডাকাত সন্দেহে দুই ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে।
গতকাল শনিবার দুপুরে পুলিশ মজলিশপুর গ্রামে ডাকাত ধরতে গেলে এ ঘটনা ঘটে। এসআই অলক কুমার দত্ত বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তিনি বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রথমে ডাকাতেরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। প্রতিরোধ করার চেষ্টা করলে একজন আমার হাতে দায়ের কোপ দেন।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন মিল্লা মিয়া (৩২) ও রাসেল মিয়া (২৭)। তাঁরা মজলিশপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, গতকাল বেলা দুইটার দিকে অলক কুমার দত্তের নেতৃত্বে মজলিশপুর গ্রামের কলাবাগানে তল্লাশি চালানোর সময় ডাকাত দলের কয়েকজন সদস্য পুলিশের ওপর চড়াও হন। একপর্যায়ে তাঁদের একজন দা দিয়ে অলক কুমার দত্তের বাঁ হাতে কোপ দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তিনটি গুলি ছোড়ে।