ডাকাতের দায়ের কোপে নিহত ১, তিনজন গ্রেপ্তার
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় একটি বাড়িতে ডাকাতি করার সময় ডাকাতদের দায়ের কোপে মো. মফিজ উদ্দিন (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গত শুক্রবার উপজেলার কাজলদীঘি গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ স্থানীয় হাদিউল ইসলামের ছেলে সোহাগ মিয়া (২২), তৈয়ব আলীর ছেলে সফিকুল ইসলাম (৩৩) এবং আমির উদ্দিনের ছেলে কমর উদ্দিনকে (৫৫) গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে মফিজ উদ্দিনের বাড়িতে একদল ডাকাত হানা দেয়। মফিজের ছোট ভাই রফিকুলের ঘরের দরজা ভেঙে ডাকাতেরা ভেতরে ঢোকে। ডাকাতেরা স্বর্ণালংকার ও টাকা লুট করতে থাকে। একপর্যায়ে রফিকুল চিৎকার শুরু করলে ডাকাতেরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। চিৎকার শুনে তাঁর বড় ভাই মফিজ উদ্দিন পাশের ঘর থেকে বের হয়ে ডাকাতদের বাধা দেওয়ার চেষ্টা করেন। এ সময় ডাকাতেরা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে স্বজন ও এলাকাবাসী এসে ওই দুই ভাইকে উদ্ধার করে কাপাসিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে মফিজকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘট্নায় জড়িত থাকার অভিযোগে ওই দিন রাতেই পুলিশ ওই তিন ব্যক্তিকে আটক করে। গতকাল সকালে রফিকুল বাদী হয়ে ওই তিন ব্যক্তি ও অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে মামলা করেন।
কাপাসিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।