ডাকাতের দায়ের কোপে কৃষক খুন
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের চরচৌমুহন (বুলবুলিরচর) গ্রামে গত মঙ্গলবার রাতে ডাকাতের রামদার কোপে দুলাল মিয়া (৪০) নামের এক কৃষক খুন হয়েছেন। এ ছাড়া একজন গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুলাল ওই গ্রামের বাসিন্দা। এদিকে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তোতা মিয়া (৪২) নামের একজনকে আটক করেছে পুলিশ।
কয়েকজন প্রত্যক্ষদর্শী ও ফুলছড়ি থানা-পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে ১৫ থেকে ২০ জন ডাকাত নৌকাযোগে বুলবুলিরচর গ্রামে যায়। তারা অস্ত্রের মুখে গ্রামের দুলালসহ অনেকের গরু লুট করতে থাকে। এ সময় দুলাল একটি কুড়াল হাতে নিয়ে ডাকাতদলের আনা নৌকার তলা ভেঙে দেন। ডাকাতদল নৌকার কাছে পৌঁছে দেখে তাদের নৌকা তলিয়ে গেছে। তখন ডাকাতেরা দুলালের মাথায় রামদা দিয়ে কোপ দেয়। এতে দুলাল ঘটনাস্থলেই মারা যান। এরপর দুলালের প্রতিবেশী বাবলু মিয়া (৪৫) ডাকাত পড়েছে বলে চিৎকার শুরু করেন। তখন ডাকাতেরা তাঁকেও গুলি করে। এতে বাবলু গুলিবিদ্ধ হন। এ খবর ছড়িয়ে পড়লে বুলবুলিরচরসহ আশপাশের গ্রামের লোকজন লাঠিসোঁটা, দেশীয় অস্ত্রসহ ডাকাতদলকে ধাওয়া করে। অবস্থা বেগতিক দেখে ডাকাতদল পাশের কাশবনে গা ঢাকা দেয়। পরে গতকাল বুধবার ভোররাতে চরাঞ্চলের কয়েক হাজার মানুষ ঘটনাস্থলে সমবেত হয়ে ডাকাতদলের ওপর ঝাঁপিয়ে পড়ে। বাবলুকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে এ ঘটনায় জড়িত সন্দেহে তোতা নামের এক ডাকাতকে আহত অবস্থায় আটক করে পুলিশ। এ ছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত ইঞ্জিনচালিত একটি নৌকা ও বুলেটসহ একটি পিস্তল জব্দ করা হয়েছে। গাইবান্ধার পুলিশ সুপার (এসপি) মাশরুকুর রহমান খালেদ গতকাল দুপুরে বলেন, ‘স্থানীয় লোকজনের হামলায় এক ডাকাত মারা গেছে বলে শুনেছি। তাঁর লাশ খোঁজা হচ্ছে। এ ছাড়া ডাকাতদের গ্রেপ্তারে অভিযান চলছে।’