ডাকাতের সঙ্গে গোলাগুলি ৪ পুলিশ আহত
ময়মনসিংহ সদর উপজেলার চুরখাই এলাকায় ডাকাত দলের সঙ্গে গোয়েন্দা পুলিশের (ডিবি) গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ডিবি পুলিশের চার কর্মকর্তা আহত হয়েছেন। তাঁরা হলেন—ডিবির উপপরিদর্শক (এসআই) মফিজুল, ফারুক আহমেদ এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) শামীম ও বাতেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পরে ডাকাত দলের ব্যবহৃত একটি ব্যক্তিগত গাড়িতে অস্ত্রসহ গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে আটক করে ডিবি। আটক ডাকাতেরা হলেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আলী হোসেন (২৯) ও ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার মনিকুড়া গ্রামের রাজীব (২৬)।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার দিবাগত রাত আনুমানিক তিনটার সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ত্রিশাল উপজেলার দরিরামপুর গ্রামের একটি বাড়িতে হানা দেয় ডাকাতদের একটি দল। তারা ব্যক্তিগত একটি গাড়ি ব্যবহার করছিল। ডাকাতদের উপস্থিতি টের পেয়ে স্থানীয় লোকজন চিৎকার শুরু করেন। সে সময় ডিবি পুলিশের একটি টহল গাড়ি ওই পথ দিয়ে যাচ্ছিল। ডাকাতেরা পুলিশের গাড়ি দেখে ময়মনসিংহ শহরের দিকে যেতে থাকলে পুলিশ সদস্যরা ধাওয়া করেন। ময়মনসিংহ সদর উপজেলার চুরখাই জামতলা এলাকায় আসার পর ডাকাতদের গাড়ি থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি করা হয়। পুলিশও পাল্টা গুলি করলে দুই পক্ষের মধ্যে বেশ কয়েকটি গুলিবিনিময় হয়। এ সময় আলী হোসেন ও রাজিব নামের দুই ডাকাত গুলিবিদ্ধ হন। ডাকাত দলের বাকি সদস্যরা পালিয়ে যান। পরে পুলিশ আহত দুজনকে আটক এবং ব্যক্তিগত গাড়ি, একটি পাইপগান, তিন রাউন্ড কাতুর্জ ও কয়েকটি রামদা জব্দ করেন।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা ডিবির ওসি ইমারাত হোসেন গাজী বলেন, আহত দুই ডাকাতকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছে। পালিয়ে যাওয়া ডাকাতদের ধরার চেষ্টা চলছে।