ডাকাতের হাতে স্বামী খুন, স্ত্রী আহত
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ডাকাত দলের হাতে আবু হান্নান চৌধুরী (৭০) নামের এক ব্যক্তি খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আহত হয়েছেন তাঁর স্ত্রী ধনা বেগম (৬৫)।
গতকাল বুধবার রাতে শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামে এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার সকালে পুলিশ হান্নানের লাশ উদ্ধার করেছে।
গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, মধ্যরাতের দিকে পাঁচ-ছয়জনের এক দল ডাকাত দেওড়া গ্রামের আবু হান্নান চৌধুরীর বাড়িতে হানা দেয়। দলটি ঘরে ঢুকে স্বামী-স্ত্রীর হাত, পা ও মুখ বেঁধে ফেলে। ডাকাতির একপর্যায়ে ডাকাতেরা আবু হান্নানকে ছুরিকাঘাত করে হত্যা করে।
ভোরে আশপাশের লোকজন ঘরের দরজা খোলা এবং বিছানায় হান্নানের লাশ পড়ে থাকতে দেখেন। পরে তাঁরা অজ্ঞান হয়ে পড়ে থাকা হান্নানের স্ত্রী ধনা বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। প্রতিবেশীরা জানান, ঘরের সব মালামাল এলোমেলো অবস্থায় ছিল। এখান থেকে ডাকাতের কী পরিমাণ মালামাল লুট করেছে, তা তাঁরা জানেন না।
দেওড়া গ্রামের বাসিন্দা ও শাহজাদাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে প্রথম আলোকে বলেন, ‘দেওড়া গ্রাম এখন মাদকসেবী ও মাদক বিক্রেতাদের নিরাপদ স্থান। এগুলো তাদেরই কাজ। আমি প্রশাসনকে বিষয়টি বারবার অবহিত করে আসছি। কিন্তু কোনো প্রতিকার পাচ্ছি না।’
দুপুরে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপক কুমার সাহা প্রথম আলোকে বলেন, ‘লাশটি উদ্ধার করা হয়েছে। আমি ঘটনাস্থলেই আছি। তদন্ত চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হবে।’