ডাকাতের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাম্বুলেন্সে মায়ের মরদেহ নিয়ে গ্রামে যাওয়ার পথে ডাকাতের আক্রমণে সঙ্গে থাকা সবকিছু খোয়াল একটি পরিবার। ধারালো অস্ত্রের আঘাতে আহত হলেন মায়ের লাশের সঙ্গে থাকা ছেলে সুকুমার সরকার। খিলগাঁও এলাকার শেখেরজায়গা নামক স্থানে শুক্রবার রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতেরা পরিবারটির কাছ থেকে নগদ ২৬ হাজার টাকা ও ৪ ভরি সোনা লুট করে নিয়ে যায়। সুকুমার সরকারের বড় ভাই পরিতোষ সরকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের বলেন, শুক্রবার বার্ধক্যজনিত কারণে তাঁদের মা তুলসী রানী মল্লিক মারা যান। চট্টগ্রামের ফটিকছড়ি থেকে একটি অ্যাম্বুলেন্সে করে তাঁর মৃতদেহ টাঙ্গাইলের মির্জাপুরের বড়দায় লতিফপুর গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছিল। সঙ্গে পরিবারের সদস্যদের বহনকারী আরেকটি মাইক্রোবাস ছিল। রাত আনুমানিক দেড়টার দিকে শেখেরজায়গা নামক স্থানে পথে আড়াআড়ি করে রাখা একটি মাটির ট্রাকের কারণে অ্যাম্বুলেন্স ও মাইক্রোবাস থামানো হয়। সঙ্গে সঙ্গে ৮-১০ জনের একদল ডাকাত তাঁদের ওপর হামলা চালায়। এ সময় সুকুমার সরকার গুরুতর আহত হন।