ডাকাতের হামলায় সিরাজগঞ্জে আহত ৩
সিরাজগঞ্জের সলঙ্গা থানায় ডাকাতদের হামলা ও গুলিতে একজন গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছেন। সলঙ্গার ধুবিল ইউনিয়নের খারিজা ঘুঘাট গ্রামে গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই দিন দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সশস্ত্র ডাকাত দল খারিজা ঘুঘাট গ্রামের আবদুর রশিদের বাড়িতে হামলা করে। এ সময় ডাকাতেরা পুলিশ পরিচয় দিয়ে ঘরের দরজা খুলতে বলে। ডাকাতদের মুখোশ পরা অবস্থায় দেখে বাড়ির লোকজন দরজা না খুলে চিৎকার শুরু করেন। সঙ্গে সঙ্গে ডাকাতেরা একটি ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে লুটপাটের চেষ্টা করে। এ সময় ডাকাতদের মারধরে ওই পরিবারের শাহিদা বেগম ও কমেলা বেগম আহত হন।
পরে বাড়ির লোকজনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। অবস্থা বেগতিক দেখে ডাকাতেরা এলোপাতাড়ি গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়। তাদের গুলিতে অটোরিকশাচালক শফিকুল ইসলাম গুলিবিদ্ধ হন। সঙ্গে সঙ্গে শফিকুলকে উদ্ধার করে এলাকাবাসী প্রথমে সিরাজগঞ্জ সদর হাসপাতাল ও পরে অবস্থার অবনতি হলে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।