ডাকাতের হামলায় স্বামী-স্ত্রী আহত
দিনাজপুরে ডাকাতের ইটের আঘাতে এক গৃহকর্তা ও তাঁর স্ত্রী গুরুতর আহত হয়েছেন। পরে পালানোর সময় এলাকাবাসী এক ডাকাতকে ধরে পুলিশে দেয়। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী আরও দুজনকে আটক করে পুলিশ। ঘটনাটি গত বৃহস্পতিবার রাতে শহরের বড়বন্দর এলাকার।
আটক তিন ডাকাত হলেন শহরের বড়বন্দর বটতলী এলাকার আনোয়ার হোসেন (২৬), সুজন (২২) ও অসীম মজুমদার (২৭)।
গতকাল শুক্রবার দুপুরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গৃহকর্তা মহিত কুমার সাহা (৭০) বলেন, বৃহস্পতিবার রাত ১০টার দিকে রান্নাঘর থেকে স্ত্রী রয়েলী সাহার (৫৮) চিৎকার শুনে বেরিয়ে দেখেন তিন যুবক তাঁকে পেটাচ্ছে। মহিত সাহাকে দেখে উঠানে থাকা ইট দিয়ে তাঁর মাথায় আঘাত করে যুবকেরা পালানোর চেষ্টা করেন। এ সময় আনোয়ার নামের একজনকে ধরে ফেলে এলাকাবাসী।
হাসপাতালে সার্জারি বিভাগের জে৵ষ্ঠ কনসালট্যান্ট জিল্লুর রহমান বলেন, মহিত সাহার মাথায় সেলাই দিতে হয়েছে। তাঁর স্ত্রীর শরীরেও আঘাতের চিহ্ন রয়েছে।