ডাকাতের হামলায় আহত গৃহবধূর মৃত্যু, বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাকাতের হামলায় আহত নড়াইলের লোহাগড়ার দিঘলিয়া গ্রামের গৃহবধূ অলোকা রানী সাহা মারা গেছেন। গত সোমবার রাত নয়টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

অলোকা দিঘলিয়া গ্রামের কেডিআরকে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক দিলীপ কুমার সাহার স্ত্রী। গত বৃহস্পতিবার দিবাগত রাতে দিলীপ সাহার বাড়িতে ডাকাতি হয়। এ সময় বাধা দেওয়ায় ডাকাতেরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দিলীপ সাহা (৬৩) ও তাঁর স্ত্রী অলোকাকে (৫০) গুরুতর জখম করে। ডাকাতি ও হত্যার প্রতিবাদে দিঘলিয়া বাজারের ব্যবসায়ীরা গতকাল মঙ্গলবার সকাল থেকে বেলা দুইটা পর্যন্ত ধর্মঘট পালন করেন। এ ছাড়া কেডিআরকে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী বিক্ষোভ মিছিল করে উপজেলা ডাকবাংলা চত্বরে এসে প্রতিবাদ সমাবেশ করেন। পরে মিছিল নিয়ে উপজেলা পরিষদের সামনে লোহাগড়া-নড়াইল সড়কে মানববন্ধন করা হয়।

মানববন্ধনে স্থানীয় সাংসদ শেখ হাফিজুর রহমান বলেন, ‘এ ­ব্যাপারে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ায় মানুষ ক্ষোভে ফুঁসে উঠেছে।’ লোহাগড়া থানার ওসি বিপ্লব কুমার সাহা বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে কুমড়ি গ্রামের বাসিন্দা রিপন মোল্লাকে (২৮) রোববার রাতে গ্রেপ্তার করা হয়েছে।