ডাকাতের হামলায় ইউপি সদস্যসহ আটজন আহত
বরগুনার আমতলী উপজেলায় গতকাল বৃহস্পতিবার রাতে ডাকাতের হামলায় ইউনিয়ন পরিষদের সদস্যসহ (ইউপি) আটজন আহত হয়েছেন। এদের মধ্যে দুজন গুলিবিদ্ধ। আহতদের মধ্যে তিনজনকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও বাকিদের পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন, আমতলী উপজেলার কুকুয়ার ইউপি সদস্য জহির মাতুব্বর, জাহাঙ্গীর হাওলাদার, আজিজ হাওলাদার, অরুণ, বাচ্চু হাওলাদার ও রিপন হাওলাদার। এদের মধ্যে জহির ও জাহাঙ্গীর গুলিবিদ্ধ। জহির, জাহাঙ্গীর ও অরুণকে বরিশালে এবং বাকিদের পটুয়াখালীতে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, গতকাল রাত ১২টার দিকে ১০-১৫ জনের একদল ডাকাত আমতলী উপজেলার শাখারিয়া গ্রামের ছত্তার হাওলাদার নামের এক ব্যক্তির বাড়িতে হানা দেয়। ডাকাতেরা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে অস্ত্রের মুখে গৃহকর্তা ছত্তার হাওলাদার ও তাঁর ছেলে নাসির হাওলাদারকে জিম্মি করে ফেলেন। এ সময় তারা তাঁদের বেধড়ক পিটিয়ে নগদ দেড় লাখ টাকা ও আট ভরি স্বর্ণালঙ্কার লুট করে দ্রুত বের হয়ে যায়। এ সময় বাড়ির লোকজন চিৎকার চেঁচামেচি শুরু করলে আশপাশের লোকজন ডাকাতদের প্রতিরোধে এগিয়ে যান। তখন ডাকাতেরা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে দুজন গুলিবিদ্ধ হন। এ ছাড়া এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে আরও ছয়জনকে আহত করে ডাকাতেরা পালিয়ে যায়।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় প্রথম আলোকে বলেন, ডাকাতদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।