ডাকাতের হামলায় কাউন্সিলর প্রার্থীসহ দুজন আহত
চাঁপাইনবাবগঞ্জ পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী আওয়ামী লীগের এক নেতার বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতদের হামলায় ওই নেতা ও তাঁর স্ত্রী গুরুতর জখম হন। গত রোববার রাতে পৌর এলাকার নয়াগোলায় ওই ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল খালেক (৪৫) এবং তাঁর স্ত্রী নাসরিন আক্তার (৩৫)। তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, ডাকাতেরা ২৬ ভরি সোনার গয়না ও ৫০ হাজার টাকা নিয়ে গেছে।
সদর থানার ওসি মাযহারুল ইসলাম বলেন, রোববার গভীর রাতে বাড়ির সদর দরজার তালা ভেঙে বাড়িতে ঢোকে ডাকাত দল। প্রথমে তিনজন আবদুল খালেকের বাবা এসলাম উদ্দীন মণ্ডলের ঘরে ঢুকে পিস্তল দেখিয়ে তাঁকে জিম্মি করে খালেকের ছোট ভাই আবদুল্লাহ আল মুতির ঘরে ঢুকে গয়না ও ৩৫ হাজার টাকা লুট করে। পরে দোতলায় আবদুল খালেকের ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথায় আঘাত করে। এ সময় স্ত্রী নাসরিন আক্তার বাধা দিলে লোহার রডের আঘাতে তাঁর ডান হাত ভেঙে দেয় ডাকাতেরা।
মুঠোফোনে আবদুল খালেক বলেন, ঘটনাটি রাজনৈতিক প্রতিহিংসা অথবা ডাকাতি, দুটোই হতে পারে। তবে তাঁর কারও সঙ্গে শত্রুতা নেই বলে দাবি করেন তিনি।