ডাকাতের হামলায় চার পুলিশ আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ডাকাতদলের হামলায় পুলিশের চার সদস্য আহত হয়েছেন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে কোম্পানীগঞ্জের ধলাই সেতুর কাছে এ ঘটনা ঘটে। ডাকাতদলের হামলা ঠেকাতে পুলিশ ৪০টি ফাঁকা গুলি ছোড়ে।

আহত পুলিশ সদস্যরা হলেন: কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন, রাশেদুল ইসলাম খান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) ইসমাইল হোসেন। তাঁরা ডাকাতদের বিক্ষিপ্তভাবে ছোড়া পাথরের আঘাতে আহত হন বলে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, ধলাই সেতুর পাশে একটি স্টোন ক্রাশার মেশিনঘরে (পাথর ভাঙার কল) একদল ডাকাত হানা দিয়েছে—এমন খবরে পুলিশের একটি দল সেখানে যায়। রাত ১০টার দিকে মেশিনঘরটি পুলিশ ঘিরে রাখলে হঠাৎ পাথর নিক্ষেপ করে পুলিশের ওপর হামলা করে ডাকাতদল। এ সময় পুলিশ কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে। এরপরও পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়া অব্যাহত থাকলে পুলিশ সব মিলিয়ে প্রায় ৪০টি গুলি ছোড়ে। একপর্যায়ে মেশিনঘরে গিয়ে একজনকে আটক করে। অন্যরা পালিয়ে যায়।

রাত সাড়ে ১১টার দিকে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েস আলম প্রথম আলোকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় রফিকুল ইসলামকে (৩০) আটক করা হয়েছে। আটক রফিকুলের নেতৃত্বে ডাকাতির প্রস্তুতি চলাকালে পুলিশ উপস্থিত হলে এই হামলা হয়। রফিকুলের বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ ১২টি ডাকাতির মামলা রয়েছে।