ডাকাতের হামলায় ব্যবসায়ী নিহত, আহত আটজন
চুয়াডাঙ্গায় ডাকাতের হামলায় এক ব্যবসায়ী নিহত ও আটজন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে আলমডাঙ্গা উপজেলার বারাদি ইউনিয়নের নতিডাঙ্গা মধুখালী মাঠে ওই ডাকাতির ঘটনা ঘটে। আহত ব্যবসায়ীদের দাবি এ সময় তাঁদের কাছ থেকে ১৭ লাখ ৯৬ হাজার টাকা লুট করা হয়েছে।
নিহত গরু ব্যবসায়ীর নাম মো. ভুলু মিয়া (২৭)। আহত ব্যক্তিরা হলেন মো. মিলকি হোসেন (৩৬), হারেজ আলী (৩০), টরিক হোসেন (৩২), হানিফ আলী (৩০), বাবলু ওরফে সম্রাট (৩০), আজিজুল হক (৩৫), জিয়ারুল হক (৩৫) ও ইকরামুল হক (৩৫)। হতাহত ব্যক্তিদের সবার বাড়ি নতিডাঙ্গা গ্রামে। আহত ব্যক্তিরা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত মো. মিলকি হোসেন জানান, বৃহস্পতিবার জীবননগর উপজেলার শিয়ালমারী পশুর হাট থেকে গরু বিক্রি করে শ্যালো ইঞ্জিনচালিত গাড়িতে করে তাঁরা বাড়ি ফিরছিলেন। পথে নতিডাঙ্গা গ্রামের মধুখালী মাঠে ডাকাতির শিকার হন।
সদর হাসপাতালে চিকিৎসাধীন হারেজ আলীর ভাষ্য, মধুখালী গ্রামের মাঠের রাস্তায় ডাকাত দলের সদস্যরা পাটকাঠির বোঝা ও কলাগাছ কেটে প্রতিবন্ধকতা তৈরি করে। গাড়ি থামতেই অন্তত ৩০ জন তাঁদের গাড়ি ঘিরে ফেলে। এ সময় গরু ব্যবসায়ীরা হাতে থাকা লাঠি দিয়ে ডাকাতদের মোকাবিলার চেষ্টা করেন। একপর্যায়ে ডাকাতেরা একটি বোমার বিস্ফোরণ ঘটালে ব্যবসায়ীরা থমকে যান। এ সময় ডাকাতেরা এলোপাতাড়ি কুপিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা লুট করে চলে যায়। ডাকাতের ধারালো অস্ত্রের আঘাতে গরু ব্যবসায়ী ভুলু মিয়া ঘটনাস্থলেই মারা যান।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাজীবুল ইসলাম জানান, আহত ব্যক্তিদের মধ্যে বাবলু ওরফে সম্রাটের অবস্থা সংকটাপন্ন।
চুয়াডাঙ্গার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. ছুফি উল্লাহর ভাষ্য, যত দূর জানা গেছে, গরু বহনে ব্যবহৃত গাড়ির চালক ও তাঁর ভাইয়ের পরামর্শে ব্যবসায়ীরা ওই পথে যান। ব্যবসায়ীরা ডাকাতের কবলে পড়ে হতাহত হলেও চালক ও তাঁর ভাই অক্ষত থাকায় সন্দেহ দেখা দিয়েছে।
আহত ব্যবসায়ীদের কাছ থেকে জানা গেছে, নতিডাঙ্গা গ্রামের মৃত নবীছদ্দিনের ছেলে তৌহিদ হোসেন ওই গাড়ির চালক ছিলেন। সঙ্গে ছিলেন তাঁর ভাই ওয়াজ আলী (৪৫)।
আলমডাঙ্গা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. নাসির উদ্দিন জানান, শুক্রবার বিকেল চারটা পর্যন্ত ডাকাতির ঘটনায় কোনো মামলা হয়নি। তবে পুলিশ সন্দেহজনক হিসেবে মো. রোকনুজ্জামান নামে একজনকে আটক করেছে। তার বাড়ি আলমডাঙ্গা উপজেলার বারাদি ইউনিয়নের সোনাতনপুর গ্রামে।