ডাকাতের হামলায় মা ও ছেলে আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সোনাইমুড়ীতে ডাকাতদের হামলায় মা ও ছেলে গুরুতর আহত হয়েছেন। গত শনিবার রাতে উপজেলার আনন্দপুর গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন মা জান্নাতুল ফেরদৌস (৪৫) ও ছেলে আরমান হোসেন (২২)। ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয় লোকজন সালাহ উদ্দিন ওরফে স্বপন নামের একজনকে ধরে গণপিটুনি দিয়ে গতকাল রোববার পুলিশের কাছে সোপর্দ করেন।
জান্নাতুল ফেরদৌস জানান, শনিবার রাত আনুমানিক আড়াইটার দিকে ১৫-১৬ জনের সশস্ত্র ডাকাত দল তাঁদের বাড়িতে হানা দেয়। ডাকাতেরা দরজা ভেঙে ঘরে ঢুকে ছেলেসহ তাঁকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, গয়নাসহ অন্যান্য মূল্যবান মালামাল লুট করে।
ডাকাতি শেষে পালিয়ে যাওয়ার সময় বাড়ির লোকজনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ধাওয়া দিয়ে সালাহ উদ্দিন নামের একজনকে আটক করেন। তাঁকে গণপিটুনি দিয়ে আটকে রাখেন। খবর পেয়ে সোনাইমুড়ী থানার পুলিশ গতকাল সকালে ঘটনাস্থলে গিয়ে সালাহ উদ্দিনকে থানায় নিয়ে যায়।
জানতে চাইলে সোনাইমুড়ী থানার ওসির দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) জয়দেব কুমার চৌধুরী প্রথম আলোকে তিনি বলেন, তিনি নিজেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ডাকাতির ঘটনায় থানায় মামলা করা হবে।