ডাকাতের হামলায় সীতাকুণ্ডে দুই ভারতীয় আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে ডাকাতের ধারালো অস্ত্রের আঘাতে ভারতের দুই নাগরিক আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে।
গত সোমবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কলাবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
সীতাকুণ্ড ও মিরসরাই থানা সূত্র জানায়, চট্টগ্রামের একটি শিখমন্দির পরিদর্শন শেষে সোমবার রাতে মাইক্রোবাসে করে ঢাকায় ফিরছিলেন ভারতীয় নাগরিক জগিন্দর সিং (৭৫), অমরজিৎ সিং (৬৩), গৌমিত সিং (৬০) গৌনম সিং (৩১), তারশেম সিং (৩৯), মুল চান্দ সিং (৬৫), ভুপেন্দর সিং (৬৮) ও কাশ্মীর সিং (৪৪)। রাত পৌনে ১২টার দিকে সীতাকুণ্ডের কলাবাড়িয়া এলাকায় ১০-১২ জন ডাকাত তাঁদের গাড়ি লক্ষ্য করে ঢিল ছুড়তে থাকে। এ সময় চালক গাড়ি থামালে মুখোশ পরা ডাকাতেরা চাপাতি, ছুরি, হকিস্টিক, রড ও লাঠিসোঁটা নিয়ে তাঁদের ওপর হামলা চালায়। ডাকাতের ধারালো অস্ত্রের আঘাতে মূল চান্দ সিংয়ের ডান হাঁটু ও ভূপেন্দর সিংয়ের বাঁ বাহু জখম হয়। ডাকাতেরা আরোহীদের কাছ থেকে ৩৫ হাজার টাকা, ২৪ হাজার ভারতীয় রুপি ও একটি মুঠোফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনার পর মাইক্রোবাসের চালক মিরসরাই থানার টহল পুলিশের সহযোগিতা চান।
সীতাকুণ্ড সার্কেলের সহকারী পুলিশ সুপার সালাউদ্দিন শিকদার বলেন, দুজনকে পুলিশ পাহারায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বলেন, প্রাথমিক চিকিৎসার পর আহত দুই ব্যক্তি হাসপাতাল ছেড়ে গেছেন।