দিনাজপুর শহরের চকবাজারে সোনার দোকানে ডাকাতির ঘটনায় অংশ নিয়েছে নয়জন। পাশের আবাসিক হোটেল মৃগয়ার সিসি ক্যামেরার ফুটেজ থেকে বিষয়টি নিশ্চিত হয়েছে পুলিশ। ফুটেজে তিনটি ব্যাগবোঝাই সোনার গয়না নিয়ে তিনজন তিনজন করে বেরিয়ে ডাকাতদের গাড়িতে উঠতে দেখা গেছে। গতকাল শুক্রবার সোনার গয়না সাজিয়ে রাখার ৪২টি খালি ট্রে ও বাক্স এবং দুটি কালো মুখোশ উদ্ধার করেছে পুলিশ।
কোতোয়ালি থানার পরিদর্শক (অপরাধ তদন্ত) মো. আবুল হাসনাত বলেন, হোটেল মৃগয়ার সিসি ক্যামেরার ফুটেজ জব্দ করেছে পুলিশ, যা তদন্তে অনেক সহযোগিতা করছে। এতে আসামিদের গ্রেপ্তার করা সহজ হবে বলে তিনি জানান।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেকুজ্জামান পিপিএম জানান, গতকাল দুপুর ১২টায় দিনাজপুর শহর থেকে পাঁচ কিলোমিটার পূর্বে সদর উপজেলার কাউগাঁ বুড়িতলা এলাকায় গর্ভেশ্বরী নদীর বাঁধের পাশ থেকে তিনটি বড় ট্রাভেল ব্যাগভর্তি সোনার গয়না সাজিয়ে রাখার ৪২টি খালি ট্রে, জুয়েলারি বাক্স ও দুটি কালো মুখোশ উদ্ধার করা হয়েছে।
গতকাল সকালে ঘটনাস্থলে গিয়ে শত শত উৎসুক গ্রামবাসীর ভিড় দেখা যায়। যে জমিতে জুয়েলারির খালি বাক্সগুলো ফেলে রাখা হয়, ওই জমির মালিক হরিপ্রসাদ রায় বলেন, সকালে গ্রামের কৃষকেরা জমিতে এসে তিনটি ব্যাগ পড়ে থাকতে দেখেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে খবর ছড়িয়ে পড়লে উৎসুক মানুষের ভিড় বাড়ে। খবর পেয়ে পুলিশ দুপুর ১২টায় ব্যাগ, বাক্স ও মুখোশগুলো নিয়ে যায়।
কাউগাঁ গ্রামের কৃষক মো. আতাউর রহমান বলেন, শুক্রবার ইফতার ও মাগরিবের নামাজের পর একটি সাদা রঙের মাইক্রোবাস এসে বাঁধের পাশে বটগাছের নিচে থামে। মাইক্রোবাস থেকে দুজন যুবক তিনটি ব্যাগ হাতে করে সেখান থেকে বাঁধের রাস্তা ধরে পশ্চিমে যায়। কিছুক্ষণ পরে ফিরে এসে গাড়িতে উঠে কাউগাঁ মোড়ের দিকে চলে যায় বলে ওই কৃষক জানান।
এদিকে ওই ডাকাতির ঘটনার সঙ্গে জঙ্গি সংশ্লিষ্টতা থাকতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর সদর আসনের সাংসদ ইকবালুর রহিম। তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, শহরের জনবহুল ও অপ্রশস্ত এলাকায় যেভাবে ঠিক ইফতারের সময় মুহুর্মুহু ককটেল ফাটিয়ে, ধোঁয়ায় আচ্ছন্ন করে সোনার দোকান লুট করা হয়েছে, সাধারণত এভাবে ডাকাতি হয় না। ডাকাতদের আটক করতে না পারায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ডাকাতদের ধরার ব্যাপারে পুলিশ যথেষ্ট সময় পেয়েছে। হাইওয়ে পুলিশ বা র্যা ব তাদের বহনকারী মাইক্রোবাসটি আটকাতে পারত। কিন্তু পুলিশ এ ব্যাপারে ব্যর্থতার পরিচয় দিয়েছে।
পুলিশ সুপার মো. রুহুল আমিন বলেন, এ বিষয়ে হুইপ ইকবালুর রহিমের সঙ্গে তাঁর কথা হয়েছে। ডাকাতির ঘটনার সঙ্গে কোনো জঙ্গিগোষ্ঠীর সংশ্লিষ্টতার বিষয়টি পুলিশ মাথায় রেখে অনুসন্ধান করছে।
লুট হওয়া চকবাজারের সোনার দোকান ‘জড়োয়া ঘর’ এর অন্যতম স্বত্বাধিকারী অনিল রায় গতকাল প্রথম আলোকে বলেন, ককটেল ফাটিয়ে, পিস্তল, চাপাতি ও চায়নিজ কুড়াল হাতে চারজন যুবক একসঙ্গে দোকানে প্রবেশ করে উপস্থিত সবাইকে গুলি করে হত্যার ভয় দেখায়। চাপাতি দিয়ে দুজনকে আহতও করে। চায়নিজ কুড়াল দিয়ে দোকানের শোকেস ভেঙে একের পর এক সোনাভর্তি ট্রে ও জুয়েলারি বাক্স তিনটি বড় বড় ব্যাগে ভরে তারা বেরিয়ে যায়। ডাকাতরা কমপক্ষে ১০০ ভরি সোনার অলংকার নিয়ে গেছে। শুক্রবার রাতে কোতোয়ালি থানায় মামলা করার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে তিনি জানান।