ডাকে আবার সোনার বার
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডাকঘর থেকে আবার সোনার বার উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া আটটি সোনার বারের ওজন প্রায় ৮৮০ গ্রাম। বাজারমূল্য প্রায় ৪৫ লাখ টাকা।
আজ বুধবার সকালে শুল্ক বিভাগ ও বিমানবন্দর ডাকঘর কর্তৃপক্ষ যৌথ অভিযান চালিয়ে সোনার বারগুলো উদ্ধার করে। গতকাল মঙ্গলবারও বিমানবন্দরের ডাকঘর থেকে সোনার বার উদ্ধার করা হয়।
বিমানবন্দর ডাকঘরের সহকারী পোস্টমাস্টার জেনারেল শরিফ লতিফের ভাষ্য, গতকাল রাতে সিঙ্গাপুর থেকে আসা একটি ফ্লাইটে পার্সেল করা অবস্থায় ডিভিডি প্লেয়ারের একটি বক্সে সোনার বারগুলো ঢাকায় আসে। গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে বিমানবন্দরের ডাকঘর থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া আটটি সোনার বারের ওজন প্রায় ৮৮০ গ্রাম। এর বাজারমূল্য প্রায় ৪৫ লাখ টাকা। পার্সেলে প্রেরক দুলাল মিয়া এবং প্রাপক আবু আলম। প্রাপকের ঠিকানা হিসেবে লেখা বায়তুল মোকাররম মার্কেটের হৃদয় ইলেকট্রনিকসের নাম।
বিমানবন্দরের ডাকঘর থেকে গতকাল উদ্ধার করা সোনার বারগুলো একই কায়দায় একই প্রাপকের নামে দুবাই থেকে আসে।