ডানা কেটে পোষা পাখি!

সিলেট নগরের রিকাবীবাজার এলাকায় রথের মেলায় পোষা পাখির নামে শিকার করা পাখি বিক্রি হচ্ছিল। গতকাল সোমবার বিকেলে বন বিভাগ অভিযান চালিয়ে কেনাবেচা করা পাখি জব্দ করে। এর মধ্যে ছিল একটি ‘পাহাড়ি ময়না’ পাখি। অবমুক্ত করে দেওয়ার পরও পাখিটি উড়তে পারছিল না। প্রায় ঘণ্টাখানেক পর দেখা গেল পাহাড়ি ময়নার ডানা কাটা।
এভাবে শুধু পাহাড়ি ময়না নয়, সদ্য শিকার করা পাখি খাঁচায় পুরে পোষা পাখি বলে চালিয়ে দেওয়া হচ্ছিল। জব্দ করা ময়না, টিয়া, শালিক ও বক প্রজাতির ৩০টি পাখির মধ্যে উড়তে না পারা ৯টি পাখিকে মৌলভীবাজারে অবস্থিত সিলেটের বিভাগীয় বন্য প্রাণী সেবাকেন্দ্রে পাঠানো হয়।
বন বিভাগ জানায়, সাত দিনব্যাপী রথের মেলার শেষ দিন ছিল গতকাল। সকাল থেকে ‘পাখিকুঞ্জ’ নামের একটি মেলার দোকানে পোষা পাখি বলে কেনাবেচা চলছিল ময়না, টিয়া ও শালিক প্রজাতির পাখি। সবগুলো খাঁচাবন্দী। বেলা সাড়ে তিনটার দিকে বন বিভাগের একটি দল বিক্রেতা সেজে পাখিকুঞ্জ পরিদর্শন করে এর সত্যতা পায়। তাৎক্ষণিক ১৩টি খাঁচায় রাখা ৩০টি পাখি জব্দ করা হয়। এর মধ্যে পাহাড়ি ময়না ছিল ১টি, ৫টি টিয়া, ১৯টি শালিক ও ৫টি বক।
সিলেট বন বিভাগের সহকারী রেঞ্জ কর্মকর্তা (টাউন রেঞ্জ) মোহাম্মদ ইসলাম উদ্দিনের নেতৃত্বে একটি দল খাঁচাসহ পাখিগুলো জব্দ করে বিভাগীয় বন কর্মকর্তার দপ্তরে নিয়ে যায়। সেখানে জব্দ করা পাখিগুলো একে একে অবমুক্ত করেন বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আর এস এম মুনিরুল ইসলাম। এ সময় পাহাড়ি ময়না, পাঁচটি শালিক ও তিনটি টিয়ার ডানা কাটা ধরা পড়ে।
সহকারী রেঞ্জ কর্মকর্তা (টাউন রেঞ্জ) মোহাম্মদ ইসলাম উদ্দিন বলেন, প্রায় ঘণ্টাখানেক চেষ্টার পরও পাহাড়ি ময়নাসহ নয়টি পাখি উড়তে না পারায় শেষে দেখা গেছে, ডানা কাটা। পরে এগুলো চিকিৎসার জন্য মৌলভীবাজারে পাঠানোর নির্দেশ দেন ডিএফও।
বন বিভাগের অভিযান চলাকালে পর্যবেক্ষণে ছিলেন সিলেটের প্রাণী ও পরিবেশবাদী সংগঠন ‘ভূমিসন্তান বাংলাদেশ’-এর সদস্যরা। সংগঠনের সমন্বয়ক মোহাম্মদ আশরাফুল কবীর বলেন, ডানা কেটে ফেলাটা বিক্রেতা ও শিকারিদের একটি কৌশল। তাঁরা বনের পাখি অথবা সদ্য শিকার করা পাখি ‘পোষা’ বলে চড়া দামে বিক্রি করতেই এ কৌশল করছেন। আশরাফুল বলেন, এটি বন্য প্রাণী সংরক্ষণ আইনের পরিপন্থী।
মেলায় পাখিকুঞ্জ নামের যে স্টল থেকে ডানা কাটা ময়নাসহ পাখিগুলো উদ্ধার করে বন বিভাগ, অভিযানের পর সেখানে গিয়ে বিক্রেতা কাউকে পাওয়া যায়নি। স্টলে থাকা দবিরুল ইসলাম নামের একজন বলেন, ময়না পাখিসহ ডানা কাটা নয়টি পাখি গতকাল সকালে শিকারিদের কাছ থেকে কেনা হয়েছিল। উড়ে যেতে পারে—এ আশঙ্কায় ডানা কাটা হয়েছে। তিনি নির্বিকার সুরে বলেন, ‘আইন-টাইন বুঝি না। পাখি পুষতে গেলে ডানা কাটতেই হয়, না হলে পোষ মানে না!’