ডামুড্যায় এক সপ্তাহে ছয় বাড়িতে ডাকাতি, আতঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় গত এক সপ্তাহে চারটি গ্রামের ছয়টি বাড়িতে ডাকাতি হয়েছে। এর ফলে এসব গ্রামের বাসিন্দারা ডাকাত-আতঙ্কে রাত কাটাচ্ছে। ডাকাতের হাত থেকে রক্ষা পেতে গ্রামবাসী রাত জেগে পাহারা দিচ্ছে।
স্থানীয় দারুল আমান ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মমিনুল হক সিকদার বলেন, ডাকাতির ঘটনা পুলিশকে জানানো হয়েছে। তারা এলাকা ঘুরে গেছে। তবে গ্রামবাসী সংঘবদ্ধ হয়ে রাতে পাহারা দিচ্ছে। ইউনিয়ন পরিষদ থেকে তাদের সব সহযোগিতা করা হচ্ছে।
ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল আমীন বলেন, ‘এসব ডাকাতির ঘটনায় কোনো মামলা হয়নি। তাই আইনগত পদক্ষেপ নিতে পারছি না। তবে কয়েকটি গ্রামে ডাকাতির আতঙ্ক ছড়িয়েছে। গ্রামগুলোতে পুলিশের টহল বাড়ানো হবে।’
পূর্ব ডামুড্যা গ্রামের রিপন মাল বলেন, চারটি গ্রামই পাশাপাশি। পরপর কয়েকটি ডাকাতির ঘটনায় মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। ডাকাত-আতঙ্কে গ্রামগুলোতে রাতে মানুষ ঘুমাতে পারে না। বাধ্য হয়ে জানমালের নিরাপত্তার জন্য রাতে পাহারা বসানো হয়েছে।