ডামুড্যায় জমি জবরদখল করে মাছের খামার
শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ইকরি গ্রামে ৮০ একর কৃষিজমি দখল করে মাছের খামার করার অভিযোগ উঠেছে। গ্রামের কৃষকেরা খামার তৈরি বন্ধ ও জমি উদ্ধারের দাবিতে গতকাল বৃহস্পতিবার মানববন্ধন করেছেন।
গ্রামের অনেকে বলেন, ইকরি মৌজার ওই ১৪৫ একর জমিতে কৃষকেরা ফসল ফলিয়ে জীবিকা নির্বাহ করতেন। এলাকার কিছু লোক তাঁদের ৬৫ একর জমি মৎস্য খামার করার জন্য সদর উপজেলার পালং গ্রামের শাহিন মাদবর নামের একজন ব্যবসায়ীর কাছে ভাড়া দেন। এর পাশে ৪৪ জন কৃষকের আরও ৮০ একর জমি রয়েছে। তাঁরা এ জমি ভাড়া দেননি। কিন্তু শাহিন মাদবর এক সপ্তাহ ধরে ৬৫ একরের সঙ্গে ভাড়া না দেওয়া ৮০ একর জমিতেও খামার তৈরি শুরু করেছেন। তিনি ইতিমধ্যে ওই ১৪৫ একর জমির চারদিকে বাঁধ দিয়েছেন। কৃষকেরা জমি উদ্ধারের জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন। গতকাল সকাল ১০টার দিকে তাঁরা জমির পাশে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছেন।
ওই মৌজায় ইকরি গ্রামের বকুল বেগমের ১০৬ শতক জমি আছে। তিনি সেখানে ধান ও রবিশস্য আবাদ করতেন। তিনি বলেন, ‘আমরা গরিব মানুষ, ওই জমিটুকুই শেষ সম্বল। শাহিন মাদবর তা দখল করে মাছের খামার বানাচ্ছেন। এখন কে আমার জমি উদ্ধার করে দেবে?’
একই মৌজায় আবদুস সালাম ৯৬ শতক জমিতে বোরো ধান ও রবিশস্য আবাদ করেন। তিনিও বলেন, ‘আমার জমিতে মাছের খামার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। অথচ আমার সঙ্গে আলাপ করারও প্রয়োজন মনে করেনি। আমরা প্রতিবাদ করেছিলাম। কিন্তু দখলদারেরা আমাদের মামলায় জড়ানোর ভয় দেখায়, মারধরের হুমকি দেয়। তাই গ্রামবাসী জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছি।’
মৎস্য খামার ব্যবসায়ী শাহিন মাদবর বলেন, ‘আমি চুক্তি করে ১০০ একর জমি ভাড়া নিয়েছি। এ ছাড়া ওই ব্লকে আরও কিছু জমি রয়েছে যেগুলো আমি নেব না। ওই এলাকার একটি চক্র আমার কাছে চাঁদা দাবি করে। তা দিতে না চাওয়ায় আমার বিরুদ্ধে জমি দখলের মিথ্যা অভিযোগ আনা হয়েছে।’
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিজানুর রহমান বলেন, কেউ অবৈধভাবে প্রভাব খাটিয়ে কৃষিজমি দখল করতে পারবে না।
অভিযোগ এখনো হাতে পাওয়া যায়নি। পেলে ব্যবস্থা নেওয়া হবে।