ডাল না পেয়ে ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত প্রীতিভোজ চলাকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা একটি হলের ডাইনিংয়ে ভাঙচুর চালিয়েছেন। গত বৃহস্পতিবার রাতে এ ভাঙচুর চালান তাঁরা।
শহীদ রফিক-জব্বার হলের কয়েকজন শিক্ষার্থী জানান, হলের ডাইনিং কক্ষে বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে স্বাধীনতা দিবস উপলক্ষে এক প্রীতিভোজ শুরু হয়। নয়টার দিকে রান্না করা ডাল শেষ হয়ে যায়। এর কিছু আগেই ফের ডাল রান্না শুরু করেন কর্মচারীরা। কিন্তু রান্না শেষে ডাল পরিবেশন করতে কিছুক্ষণ দেরি হয়। এতেই খ্যাপে গিয়ে কক্ষের দরজা-জানালা ভাঙচুর শুরু করেন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিঠুন কুণ্ডুর পক্ষের নেতা-কর্মীরা। ছাত্রলীগের নেতা মো. মাজেদ সীমান্ত ও সজীব কুমার সাহার নেতৃত্বে ভাঙচুরে সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার সদস্য আলাউল হক, কর্মী রাজিবুল হাসনাত, কাওসার অভি, রাকিব, আশিকসহ ১০-১৫ জন অংশ নেন।
এদিকে ভাঙচুরের ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাঁরা খাবার রেখেই উঠে যান। ভাঙচুরের সময় কাচের টুকরো কারও খাবার প্লেটে ও টেবিলে রাখা পাত্রেও এসে পড়ে। এতে অনেক খাবার নষ্ট হয়। হল প্রশাসন সূত্র জানায়, কয়েক মাস ধরে হল প্রশাসনের সঙ্গে মিঠুন কুণ্ডুর ঝামেলা চলছে। এর পরিপ্রেক্ষিতে তিনি ও তাঁর দলবল ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে। তবে মিঠুন কুণ্ডু অভিযোগ করেন, যথেষ্ট বাজেট থাকার পরও হল প্রশাসন খাবারে ঘাটতি সৃষ্টি করেছে। তাই সাধারণ শিক্ষার্থীরা এর প্রতিবাদ করেছেন। এর সঙ্গে তাঁর কোনো সংশ্লিষ্টতা নেই।
হলের প্রাধ্যক্ষ এ এস এম আবু দায়েন জানান, এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।