ডালডার সঙ্গে চিনি মিশিয়ে বেকারিতে মাখন তৈরি হতো। সেই মাখন দিয়ে তৈরি করা হতো বাটার বনসহ নানা খাবার। বেকারির কারখানায় পাওয়া গেছে ড্রামভর্তি পোড়া পাম তেল। বিভিন্ন খাবারে ব্যবহৃত হতো এই তেল। মিষ্টির রস অনেক দিনের পুরোনো, সেখানে ভাসছে ময়লা। কারখানার পরিবেশও অপরিচ্ছন্ন।
চট্টগ্রাম নগরের লালখান বাজার হাই লেভেল রোড এলাকার নিউ সুইচ কেয়ার বেকারির কারখানায় অভিযান চালিয়ে এমনই চিত্র পেয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার এ অভিযান চালানো হয়। অপরিচ্ছন্নতা ও ভেজাল মেশানোর জন্য বেকারিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীন।
মোহাম্মাদ রুহুল আমীন বলেন, খুবই অপরিচ্ছন্ন পরিবেশে কারখানাটিতে বিভিন্ন খাদ্যসামগ্রী তৈরি করা হচ্ছিল। মেঝের ওপর ডালডা ফেলে রাখা হয়েছে। আবার সেই ডালডায় চিনি মিশিয়ে মাখন বানানো হয়। বেকারিটিতে বেশ কিছু ছত্রাক পড়া খাবারও পাওয়া গেছে। বেশির ভাগ পণ্যের মোড়কেই উৎপাদন ও মেয়াদের কথা উল্লেখ নেই। এসব কারণে জরিমানা করা হয়েছে। এ ছাড়া ৪০ লিটার পোড়া তেল ও ১৫ কেজি বেকারি পণ্য পাশের নালায় ফেলে দেওয়া হয়েছে।