ডাস্টবিন থেকে নবজাতক উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শাহ আলী থানার বেড়িবাঁধ এলাকায় একটি উন্মুক্ত আবর্জনা ফেলার স্থান থেকে এক নবজাতক মেয়েশিশুকে উদ্ধার করা হয়েছে। শিশুটি একটি বাজারের ব্যাগের মধ্যে ময়লা কাপড় দিয়ে প্যাঁচানো ছিল। আজ শনিবার দুপুরে স্থানীয় এক দম্পতি শিশুটিকে উদ্ধার করেন।

শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক শিশু বিভাগে চিকিৎসাধীন রয়েছে।

নবজাতক উদ্ধার করা দম্পতি হলেন মো. বিপ্লব হোসেন ও তাঁর স্ত্রী লিপি আক্তার। এই দম্পতি শাহ আলী থানার নবাবের বাগ পাকার মাথা এলাকায় থাকেন। সেখানে বাঁশের ব্যবসা করেন বিপ্লব হোসেন। বাঁশের দোকানটি থেকে কিছু দূরেই ময়লা ফেলার জায়গাটি।

বিপ্লব প্রথম আলোকে বলেন, দুপুরে তিনি বাসায় ঘুমাচ্ছিলেন। আর তাঁর স্ত্রী গিয়েছিলেন দোকানে। তখন বৃষ্টি হচ্ছিল। এ সময় স্থানীয় এক নারী এসে তাঁকে জানান একটি বাচ্চা কেউ ফেলে রেখে গেছে। তিনি গিয়ে দেখতে পান একটি খুঁটির সঙ্গে বাজারের ব্যাগটি বাঁধা। শিশুটি ব্যাগের ভেতর থেকে কাঁদছে আর হাত-পা ছুড়ছে। আশপাশে আরও অনেকে জড়ো হলেও কেউ ব্যাগটির কাছে যাচ্ছে না।

বিপ্লব বলেন, তাঁর স্ত্রী শিশুটিকে নিয়ে বাসায় আসেন। শিশুটি রক্তমাখা ছিল। তাঁরা শিশুটিকে গোসল করান। এরপর স্থানীয় এক ধাইকে এনে তার নাড়ি কাটান। একজন ইমাম ডেকে এনে শিশুটিকে আজান শোনানো হয়। শাহ আলী থানার পুলিশ এলে সবাই মিলে চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আক্ষেপ করে বিপ্লব বলেন, ফুটফুটে শিশুটি অনেকক্ষণ বৃষ্টিতে ভিজেছে। তারা গায়ে পিঁপড়া উঠেছিল। শরীরে লালা দাগ হয়ে গেছে। প্রকৃত মা-বাবার পরিচয় না পাওয়া গেলে শিশুটিকে নিজেই পালন করতে চান দুই ছেলের জনক বিপ্লব।

শাহ আলী থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, নবজাতক জন্ম নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তাকে ফেলে যাওয়া হয়েছে বলে মনে হচ্ছে। তাকে হাসপাতালের নবজাতকদের নিবিড় পরিচর্যা ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাকে কে বা কারা সেখানে ফেলে রেখে গেছে, তা এখনো জানা যায়নি।