ডাস্টবিনে পড়ে ছিল শিশু দুটির লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের চৌমুহনী এলাকার কর্ণফুলী সিডিএ মার্কেটের পাশে ব্যাটারির দোকান আছে আবুল কাশেমের। গতকাল বৃহস্পতিবার সকাল নয়টায় দোকান খুলতে যান তিনি। দোকানের কিছুটা দূরের ডাস্টবিন ঘিরে মানুষের জটলা দেখে কৌতূহলী হয়ে ওঠেন তিনি। এগিয়ে গিয়ে যা দেখন, তাতে তাঁর মনটাই খারাপ হয়ে যায়। মার্কেটের মূল ফটকের উল্টো দিকের ডাস্টবিনে পড়ে আছে ছোট্ট দুই শিশুর মরদেহ।
পুলিশের ধারণা, অন্তত ছয় মাস মায়ের গর্ভে ছিল শিশু দুটি। তারা যমজ ছিল কি না, সেটি অবশ্য নিশ্চিত করতে পারেনি পুলিশ।
আরেক প্রত্যক্ষদর্শী শাহজাহান খান প্রথম আলোকে বলেন, কোনো মৃত মানুষের জায়গা তো ডাস্টবিন হতে পারে না। পরে তাঁরা
স্থানীয় কাউন্সিলর এবং পুলিশকে ঘটনাটি জানান।
চট্টগ্রাম সিটি করপোরেশনের ২৩ নম্বর উত্তর পাঠানটুলি ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ জাবেদ বলেন, স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে তিনি সেখানে যান। কোনো ক্লিনিকে কিংবা বাসায় গর্ভপাত ঘটিয়ে মৃত শিশু দুটিকে কে বা কারা ডাস্টবিনে ফেলে গেছে।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন সেলিম বলেন, মনে হচ্ছে শিশু দুটি ‘অনাকাঙ্ক্ষিত’ ছিল। মায়ের গর্ভে কমপক্ষে ছয় মাস থাকার পর গর্ভপাত ঘটানো হয়েছে।
জানতে চাইলে চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রভাষক সাবরিনা শারমিন প্রথম আলোকে বলেন, শিশু দুটির গর্ভপাতজনিত মৃত্যু হতে পারে। মেডিকেলের ভাষায় এটিকে আইইউডি (ইন্ট্রা ইউটেরিন ডেথ) বলা হয়।