ডাস্টার ছুড়ে ছাত্রকে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটায় জিয়াদ হোসেন নামে এক ছাত্রকে ডাস্টার ছুড়ে মারায় ওই ছাত্রের চোখে রক্ত জমাট হয়ে রয়েছে। গত রোববার বেলা সাড়ে তিনটার দিকে কাকচিড়া ইউনিয়নের খাসতবক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এ ঘটনা ঘটে। সে ওই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।
জিয়াদ হোসেনের মা খাদিজা বেগম অভিযোগ করেন, রোববার বিকেলে বিদ্যালয়ে গানের ক্লাস চলছিল। এ সময় জিয়াদকে এক ছাত্র পায়ে চিমটি কাটলে জিয়াদও ওই ছাত্রের পায়ে চিমটি কাটে। এতে ক্ষিপ্ত হয়ে সহকারী শিক্ষক মাকসুদা বেগম জিয়াদের দিকে ডাস্টার ছুড়ে মারেন। এতে জিয়াদের বাঁ চোখে আঘাত লাগলে ওই চোখে রক্ত জমাট বেঁধে যায়। পরে জিয়াদকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।
অভিযোগ অস্বীকার করে মাকসুদা বেগম বলেন, ‘জিয়াদ টেবিলের নিচ থেকে উঠতে গিয়ে আমার হাতে ধাক্কা লাগে। এতে আমার হাতে থাকা ডাস্টারটি পড়ে চোখের পাশে সামান্য ব্যথা লাগে।’