ডায়াগনস্টিক সেন্টারে রোগীর মৃত্যু, উত্তেজনা
নারায়ণগঞ্জ নগরের চাষাঢ়ায় পপুলার ডায়াগনস্টিক সেন্টারে গতকাল মঙ্গলবার সাহাবুদ্দিন শাহ মিয়া নামের এক রোগীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় রোগীর স্বজনেরা ক্ষুব্ধ হয়ে সেখানে ভাঙচুর চালানোর চেষ্টা করলে উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সাহাবুদ্দিন শাহের (৬৫) বাড়ি নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জ এলাকায়। তিনি মাছ ব্যবসায়ী ছিলেন। সাহাবুদ্দিন মিয়ার ছেলে হাবিবুর রহমান সাংবাদিকদের বলেন, গতকাল দুর্ঘটনায় মাথায় আঘাত পাওয়ায় তাঁর বাবাকে (সাহাবুদ্দিন) নগরের খানপুরে অবস্থিত নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁর বাবাকে সিটি স্ক্যান করানোর পরামর্শ দেওয়া হয়। বেলা ১১টার দিকে তাঁকে চাষাঢ়ার পপুলার ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হয়। এরপর নিউরোলজি বিভাগের একজন চিকিৎসক ভুল স্থানে ইনজেকশনের সুচ ঢোকানোর কিছুক্ষণ পরই তাঁর মৃত্যু হয়। তবে বিষয়টি পপুলার ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসকেরা চেপে রাখেন। বেলা একটার দিকে তাঁদের জানানো হয়, রোগী মারা গেছেন।
পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপক শহীদুল ইসলাম বলেন, ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগটি ঠিক নয়। তারপরও চিকিৎসকের ভুল থাকলে কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, নিহতের পরিবার এখন পর্যন্ত কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।