ডায়াগনস্টিক সেন্টারে হামলা-ভাঙচুর, লুট
গাজীপুরে চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা এক ডায়াগনস্টিক সেন্টারে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে। গতকাল বুধবার শহরের শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালের পাশে সততা ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।
হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে, কিছুদিন ধরে গাজীপুর শহরের হাসপাতাল রোডের সততা ডায়াগনস্টিক সেন্টারের মালিক মাহবুবুল আলম সরকারের কাছে সন্ত্রাসীরা মোটা অঙ্কের চাঁদা দাবি করছিল। চাঁদা দিতে রাজি না হওয়ায় তাঁকে ব্যবসা গুটিয়ে এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকি দেয় সন্ত্রাসীরা। গতকাল দুপুরে সন্ত্রাসীরা তাঁকে আবারও মুঠোফোনে হুমকি দেয়। এর কিছুক্ষণ পরই সশস্ত্র সন্ত্রাসীরা ডায়াগনস্টিক সেন্টারে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় তারা অস্ত্রের মুখে প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের জিম্মি করে ৬০ হাজার টাকা, ডিজিটাল এক্স-রে, আলট্রাসনোগ্রাম, ইসিজি, অ্যানালাইজার, কম্পিউটার ও বিভিন্ন মালামালসহ প্রায় ৪৬ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
ডায়াগনস্টিক সেন্টারের মালিক মো. মাহবুবুল আলম সরকার বলেন, এ ঘটনায় জয়দেবপুর থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
জয়দেবপুর থানার এসআই শেখ হাজ্জাজ বলেন, পাশের একটি ডায়াগনস্টিক সেন্টারের সঙ্গে ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতার জের থেকে ওই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে থাকতে পারে।