ডিআইজি পরিচয়ে এসআইয়ের সঙ্গে প্রতারণা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার এক উপপরিদর্শকের (এসআই) কাছ থেকে উপমহাপরিদর্শক (ডিআইজি) পরিচয় দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার রাতে কিশোরগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আজ শনিবার ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে এসপি বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম সোহাগ মাহমুদ ওরফে বাপ্পী (৩৩)। জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গত শুক্রবার রাতে কিশোরগঞ্জ থেকে তাঁকে আটক করে। গত ২২ আগস্ট এসআই আকরাম হোসেনের কাছ থেকে সোহাগ মাহমুদ ফোন করে বলেন, ডিআইজি স্যার ফোনে কথা বলবেন। পরে ডিআইজি পরিচয়ে অন্য এক ব্যক্তি আকরাম হোসেনকে বলেন, ‘আমার জরুরি ভিত্তিতে কিছু টাকা লাগবে। পরে ফেরত দিয়ে দেব।’ এই কথা শুনে আকরাম হোসেন একটি বেসরকারি ব্যাংকের মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে একটি নম্বরে ৫০ হাজার টাকা পাঠান। পরে বুঝতে পারেন বিষয়টি ছিল প্রতারণা। এরপর থেকেই জেলা পুলিশ মুঠোফোন ট্র্যাক করে সোহাগ মাহমুদের অবস্থান নিশ্চিত হয়ে গত শুক্রবার রাতে কিশোরগঞ্জ জেলা সদর থেকে তাঁকে আটক করে।

এসপি জানান, সোহাগ মাহমুদ এর আগে হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলাতে একই ধরনের প্রতারণা করেছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

একই সংবাদ সম্মেলনে জানানো হয়, শনিবার ভোরে পুলিশ ময়মনসিংহ শহরের বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় রেজাউল, খোরশেদ আলম, সুমন ও বিপ্লব নামের চার ছিনতাইকারীকে আটক করে। পালানোর চেষ্টা করলে পুলিশের গুলিতে আহত হন রেজাউল। তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।