ডিআইজির নম্বরের সঙ্গে মিলিয়ে মুঠোফোন নম্বর নিয়ে প্রতারণা
সিরাজগঞ্জে দুই পুলিশ কর্মকর্তার সরকারি মুঠোফোন নম্বরের সঙ্গে মিলিয়ে নম্বর নিয়ে প্রতারণার দায়ে আবদুল মোমিন নামের এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার রাতে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সন্দ্বীপ কুমার সরকার তাঁকে এ দণ্ড দেন।
পুলিশ সূত্র জানায়, ওই যুবকের বাড়ি সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকায়। তিনি পুলিশের রাজশাহী বিভাগের উপমহাপরিদর্শক (ডিআইজি) ও সিরাজগঞ্জের পুলিশ সুপারের সরকারি মুঠোফোন নম্বরের শেষের ছয় সংখ্যার সঙ্গে মিলিয়ে অন্য কোম্পানির দুটি মুঠোফোন নম্বর নেন। ওই নম্বর দুটি ব্যবহার করে তিনি বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের ফোন করে নানা তদবির করে আসছিলেন। বিষয়টি পুলিশের নজরে এলে আজ রোববার তাঁকে গ্রামের বাড়ি থেকে আটক করা হয়। পরে অপরাধ স্বীকার করলে তাঁকে ভ্রাম্যমাণ আদালত সাজা দেন।
সিরাজগঞ্জের পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ওই যুবককে বর্তমানে সিরাজগঞ্জের উল্লাপাড়া থানায় রাখা হয়েছে। আগামীকাল কারাগারে পাঠানো হবে।