ডিএনএ পরীক্ষার জন্য জাহিদুলের নমুনা সংগ্রহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার জাহিদুল হক ওরফে তানিমের ডিএনএ পরীক্ষার জন্য তাঁর শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় আরেক সন্দেহভাজন জঙ্গি শফিউলের বাড়ির মালিককে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা ও কিশোরগঞ্জ মডেল থানার পরিদর্শক মোহাম্মদ মুর্শেদ জামান জানান, পুলিশি পাহারায় তানিমকে গতকাল কিশোরগঞ্জ থেকে ঢাকার মালিবাগে সিআইডি কার্যালয়ে নেওয়া হয়। সেখানে সিআইডির ডিএনএ ল্যাবে পরীক্ষা করানোর জন্য তাঁর রক্ত, চুল, লালাসহ অন্যান্য নমুনা সংগ্রহ করা হয়। পরে গতকাল রোববার সন্ধ্যায়ই তাঁকে কিশোরগঞ্জ কারাগারে ফিরিয়ে আনা হয়।

গাইবান্ধা প্রতিনিধি জানান, শফিউলের বাড়ির মালিক মো. আনোয়ার হোসেনকে (৪৮) জিজ্ঞাসাবাদের জন্য গতকাল দুপুরে সাত দিনের রিমান্ড চেয়ে গোবিন্দগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে আবেদন করে পুলিশ। আদালতের বিচারক এ এস এম তাসকিনুল হক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত শুক্রবার রাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা শহরের পান্তাপাড়া এলাকা থেকে আনোয়ারকে গ্রেপ্তার করে র‍্যাব। তিনি উপজেলার খলসি দাখিল মাদ্রাসার ইবতেদায়ি শাখার প্রধান শিক্ষক।

ঈদের দিন কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠের কাছে তল্লাশিচৌকিতে পুলিশ সদস্যদের ওপর সশস্ত্র হামলা চালায় জঙ্গিরা। এতে পুলিশের দুই সদস্য, এক নারী, এক সন্ত্রাসীসহ চারজন নিহত হন।