
গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার এক মাস পেরিয়ে গেছে। নিহত পাঁচ জঙ্গি ও রেস্তোরাঁর এক কর্মীর লাশ এখনো হস্তান্তর হয়নি। পরিবারগুলো বলছে, ডিএনএ পরীক্ষার জন্য তাদের কাছ থেকে নমুনা সংগ্রহের পর পুলিশের পক্ষ থেকে আর কোনো যোগাযোগ করা হয়নি। পুলিশ বলছে, লাশ হস্তান্তরের বিষয়ে সিদ্ধান্ত হয়নি। তবে ডিএনএ পরীক্ষার ফল পাওয়ার পর সিদ্ধান্ত হবে।
জঙ্গি হামলার পর ওই রেস্তোরাঁয় গতকাল সোমবার পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ছাড়া কাউকে ঢুকতে দেয়নি পুলিশ। গুলশানের ৭৯ নম্বর সড়কে এক মাস ধরে রয়েছে পুলিশের ব্যারিকেড। সড়কটিতেও বাসিন্দা ছাড়া অন্য কাউকে যেতে দেওয়া হচ্ছে না।
লাশগুলো রাখা আছে সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) মর্গে। নিহত ব্যক্তিরা হচ্ছেন মীর সামেহ মোবাশ্বের, রোহান ইবনে ইমতিয়াজ, নিবরাস ইসলাম, খায়রুল ইসলাম পায়েল, শফিকুল ইসলাম ওরফে উজ্জ্বল ও হলি আর্টিজানের বাবুর্চি সন্দেহভাজন সাইফুল চৌকিদার।
২০ জুলাই সামেহ, রোহান ও নিবরাসের বাবা-মা এবং সাইফুলের মা সিআইডির ডিএনএ ল্যাবে গিয়ে ডিএনএ পরীক্ষার জন্য নমুনা দিয়ে আসেন। তারও আগে খায়রুল ও শফিকুলের পরিবারের ডিএনএ নমুনা সংগ্রহ করে পুলিশ। গতকাল নাম প্রকাশ না করার শর্তে দুটি পরিবারের সদস্যরা জানান, ডিএনএ নমুনা সংগ্রহের পর লাশ হস্তান্তরের বিষয়ে তাঁদের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি।
গতকাল সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত ৭৯ নম্বর সড়কে কড়া পুলিশি নিরাপত্তা দেখা যায়। হলি আর্টিজানের গলির ভেতরে ঢুকতে সেখানকার বাসিন্দাদেরও তল্লাশি করা হচ্ছে। রেস্তোরাঁয় প্রবেশের অনুমতি মেলেনি সংবাদকর্মীদের। তবে এক মাসপূর্তি উপলক্ষে গণমাধ্যমকর্মীরা সংবাদ সংগ্রহের জন্য সেখানে জড়ো হয়েছিলেন।
গুলশান থানার উপপরিদর্শক মো. আজাদুজ্জামান প্রথম আলোকে বলেন, এক মাস ধরেই পালাক্রমে ২৪ ঘণ্টা তাঁরা পাহারা দিচ্ছেন। সার্বক্ষণিক অন্তত ১৫ জন কনস্টেবল সেখানে থাকেন। কত দিন এমন পাহারা চলবে, সে বিষয়ে তিনি কোনো জবাব দিতে পারেননি।
এদিকে হলি আর্টিজানে হামলার পর উদ্ধার হওয়া নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিম ও এক ব্যবসায়ীর ছেলে তাহমিদ হাসিব খান এখনো বাড়ি ফেরেননি। হাসনাত করিমের বাবা রেজাউল করিম গতকাল প্রথম আলোকে বলেন, ‘পুলিশ বলেছে, তাদের হেফাজতে আছে। এটাই আমাদের জন্য অনেকটা ছেলেকে ফিরে পাওয়ার মতো। তদন্তের জন্য যত দিন প্রয়োজন তারা রাখুক। কিন্তু একটু ভালোভাবে যেন রাখে, সেটাই আমাদের চাওয়া।’
গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলায় দুই পুলিশ কর্মকর্তাসহ ২৪জন নিহত ও ৩৩জন আহত হয়েছেন। আহতদের মধ্যে র্যা ব-১ এর অধিনায়ক লে. কর্নেল তুহিন মাসুদও আছেন। জঙ্গিদের ছোড়া গ্রেনেডের স্প্লিন্টার তার পায়ে ঢুকে। পরে কমান্ডো অভিযানে পাঁচ জঙ্গি নিহত হয়।