ডিএনএ পরীক্ষায় পরিচয় মিলল তরুণীর লাশের
ডিএনএ পরীক্ষায় পরিচয় মিলেছে রাজধানীর উত্তরা থানা এলাকার নর্দমা থেকে উদ্ধার হওয়া সেই তরুণীর লাশের। তিনি তৈরি পোশাক কারখানার কর্মী জুয়েনা খাতুন। গতকাল সোমবার সকালে উত্তরা পূর্ব থানার পুলিশ লাশটি তাঁর পরিবারের কাছে হস্তান্তর করে।
লাশটির দাবিদার দুই পরিবার হওয়ায় তা ৩২ দিন ধরে ঢাকা মেডিকেল কলেজ মর্গের হিমঘরে ছিল।
গত ২৫ জুন সন্ধ্যা ছয়টার দিকে উত্তরা ৪ নম্বর সেক্টরের নর্দমা থেকে ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। এরপর ২৮ জুন আনিসুর রহমান নামের এক ব্যক্তি থানায় গিয়ে জানান, তাঁর বোন সাবিনা নিখোঁজ। উদ্ধার হওয়া লাশটি দেখতে চান তিনি। পরে আনিসুর ওই লাশটি তাঁর বোন সাবিনার বলে শনাক্ত করেন। আনিসুর লাশ নিয়ে গ্রামের বাড়ি মাগুরার উদ্দেশে রওনা দেন। এরই মধ্যে দুই নারী থানায় গিয়ে জানান, তাঁদের বোন জুয়েনা খাতুন নিখোঁজ। তাঁদের ধারণা, উদ্ধার হওয়া তরুণীর লাশটি জুয়েনার। এমন কথা শুনে বিপাকে পড়ে পুলিশ। পরে পুলিশ ফোন করে আনিসুরকে ধামরাই এলাকায় থামায়। সেখানে গিয়ে পুলিশ লাশটি আবার উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। লাশটি রাখা হয় মর্গের হিমঘরে।
লাশটির দুজন দাবিদার হওয়ায় পুলিশ ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত নেয়। ডিএনএ পরীক্ষার জন্য লাশ ও উভয় পরিবার থেকে নমুনা সংগ্রহ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের ল্যাবরেটরিতে পাঠানো হয়।
উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর প্রথম আলোকে বলেন, গত রোববার রাতে পরীক্ষার প্রতিবেদন থানায় পৌঁছে। প্রতিবেদন অনুযায়ী লাশটি জুয়েনা খাতুনের। গতকাল আদালতের অনুমতি নিয়ে লাশটি জুয়েনার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
জুয়েনার বড় বোন হেলেনা বেগম সাংবাদিকদের জানান, জুয়েনা পোশাককর্মী। স্বামীর সঙ্গে টঙ্গীর চেরাগ আলীতে থাকতেন। দক্ষিণখানে বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন। বাবা মেয়ে ও জামাইয়ের জন্য ঈদের উপহার আর কিছু ইফতারি দিয়েছিলেন। তাই নিয়ে গত ২৫ জুন বেলা সাড়ে তিনটার দিকে বাড়ির পথ ধরেছিলেন তিনি। প্রচণ্ড বৃষ্টির জন্য গাড়ি পাচ্ছিলেন না বলে মুঠোফোনে জানান মা-বাবাকে। বাড়ি থেকে বেরোনোর ঘণ্টা দুয়েক পর থেকে তাঁর ফোনটি বন্ধ পাওয়া যায়।
ওসি আবু বকর বলেন, এটি হত্যাকাণ্ড। লাশ উদ্ধারের পরপরই থানায় একটি হত্যা মামলা হয়েছে। কিন্তু লাশের দুই দাবিদার থাকায় তদন্ত স্থগিত ছিল। লাশ শনাক্ত হওয়ায় এবার এ হত্যার কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্তের কাজ শুরু হবে। তবে ঘটনার কারণ কী হতে পারে বা কাদেরকেই বা সন্দেহ হচ্ছে এ ব্যাপারে জুয়েনার পরিবারের কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি।